জনপ্রতিনিধি হতে তৎপর বিএনপি
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়ে ব্যর্থ হয়ে এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা পরিষদ নির্বাচন,সংরক্ষিত মহিলা আসনে মেয়র,চেয়ারম্যান,এমপি হতে ফের বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের চাপ্টার আপাতত স্থগিত থাকছে কারণ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানকে সিটি নির্বাচনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অপরদিকে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হলে সিটি করপোরেশনে অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীরাই জেলা পরিষদে প্রশাসক হতে সক্রিয় হয়ে উঠেছেন। এছাড়া নারায়ণগঞ্জে সংরক্ষিত মহিলা আসন থেকে এমপি হতে একাধিক বিএনপির নারী নেত্রী প্রার্থী হয়েছেন।
সূত্র বলছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের সাপ্তাহ না পেরুতেই আলোচনায় উঠে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থী তালিকায় নাম উঠে আসে- নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো.সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি আবু জাফর চৌধুরী বাবুল, মাসুদুজ্জামান মাসুদ। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রশাসক পদে নিয়োগ দেয়া হয় সাখাওয়াত হোসেনকে। এরমধ্য দিয়ে সিটি নির্বাচনের আলোচনা অনেক স্থবির হয়ে যায়। আলোচনায় আসে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক পদ যেখানে সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়া অধিকাংশই প্রশাসক পদে আসতে আগ্রহী তারা হচ্ছেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদকে ঘিরে আলোচনায় রয়েছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. সরকার হুমায়ুন কবির, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খাঁন টিপু। এদের মধ্য থেকে অনেকেই জেলা পরিষদে প্রশাসক পদ না পেলে আবারও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে আলোচনাও শুরু হয়েছে। নারায়ণগঞ্জ থেকে এ আসনে মনোনয়নপ্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকায় স্থানীয় পর্যায়ের নারী নেত্রীরা ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। অনেকে তাদের বায়োডাটাও জমা দিয়েছেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। এরমধ্যে নারায়ণগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে একাধিক বিএনপি নেত্রী দৌড়ঝাঁপ করছেন এবং লবিং তদবিরও চালাচ্ছেন তারা হচ্ছেন- জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না ও সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন এবং সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক আসমা হেলেন বিথীও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন।


