ফ্যাসিস্ট আমলের রূপে নারায়ণগঞ্জকে দেখতে চাই না: তনু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
ফ্যাসিস্ট আমলের রূপে নারায়ণগঞ্জকে দেখতে চাই না: তনু
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেছেন, “বিগত ফ্যাসিস্ট আমলের রূপে আমরা নারায়ণগঞ্জকে দেখতে চাই না। বর্তমান বাস্তবতাকে ভিত্তি করে সমন্বিত উদ্যোগে নতুনভাবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে হবে।” মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তনু বলেন, “পুরনো নারায়ণগঞ্জের রূপ কি আমরা আবার দেখতে চাই...! প্রিয় নারায়ণগঞ্জ—উন্নত নগর, সুন্দর ভবিষ্যৎ—একসাথে মিলে গড়া সম্ভব।” তিনি মনে করেন, নাগরিক উদ্যোগ ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।
তিনি জানান, গত দুই বছরে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধান এবং শহর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে তার। এই সময়ে অর্জিত অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জনপ্রতিনিধি, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য।
তনু বলেন, “ফ্যাসিস্ট আমল পরবর্তী সময়ে যারা নারায়ণগঞ্জকে সুন্দরভাবে দেখতে চেয়ে কাজ করে গেছেন, তাদের সঙ্গে সমন্বয় তৈরি করা এখন জরুরি। এতে করে চলমান উন্নয়ন পরিকল্পনা ব্যাহত না হয়ে অব্যাহত রাখা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, যদি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় গড়ে না ওঠে, তাহলে উন্নয়ন কার্যক্রম থমকে যেতে পারে এবং এর দায়ভার জনপ্রতিনিধি, প্রশাসক ও সংশ্লিষ্ট সকলের ওপর বর্তাবে।
আহমেদুর রহমান তনু জোর দিয়ে বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান অবস্থাকে ভিত্তি করে নারায়ণগঞ্জকে ঢেলে সাজাতে হবে। পাশাপাশি ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। তিনি মনে করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর, উন্নত ও টেকসই নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।


