নারায়ণগঞ্জ একটি অবহেলিত জনপদ : আল-আমিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জ একটি অবহেলিত জনপদ : আল-আমিন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করেছেন, নারায়ণগঞ্জবাসীর উপকারে আসে এমন কোনো কাজ অতীতের জনপ্রতিনিধি বা গডফাদাররা করতে দেননি। বুধবার (৮ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে
তিনি বলেন, “নারায়ণগঞ্জ একটি অবহেলিত জনপদ। এই জেলা থেকে বাংলাদেশের সর্বোচ্চ কর আদায় হলেও গডফাদার-সন্ত্রাসীদের কারণে অনেক ইতিবাচক কাজ নেগেটিভ ব্র্যান্ডিংয়ে পরিণত হয়েছে। অনেক সুফল আমরা পাইনি।”
আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, “বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল, স্টেডিয়াম—অনুমোদিত এবং নির্মিত এই অবকাঠামো নষ্ট হয়েছে, অবৈধ কাজে ব্যবহৃত হয়েছে। নারায়ণগঞ্জবাসীর উপকারে আসে এমন কোনো কাজ অতীতের জনপ্রতিনিধি বা গডফাদাররা-সন্ত্রাসীরা করতে দেয়নি।”
তিনি শিক্ষামন্ত্রীর প্রতি প্রশ্নও রাখেন, ২০২৩ সালে অনুমোদিত বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নেবে কি না।


