Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লায় মুখোমুখি বিএনপি-এনসিপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ফতুল্লায় মুখোমুখি  বিএনপি-এনসিপি

ফতুল্লায় মুখোমুখি বিএনপি-এনসিপি

Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীন ফতুল্লার একটি ব্যস্ত এলাকা। বিএনপির এক নেতার রাজনৈতিক কার্যালয়ে মুখোমুখি দুই চেয়ারে বসে আছে বিএনপি ও এনসিপির থানা পর্যায়ের দুই নেতা। বাইরে সবকিছু স্বাভাবিক, কিন্তু ভেতরে জমে আছে ক্ষমতার চাপা উত্তাপ। সৌজন্যমূলক কথাবার্তা শেষ হতেই বদলে যায় পরিবেশ,শুরু হয় আধিপত্যের লড়াই, প্রভাব বিস্তারের অঘোষিত যুদ্ধ।


এক পর্যায়ে এনসিপির নেতা দৃঢ় কণ্ঠে বলেন, এই আসনের এমপি আমাদের। যেকোনো ইস্যুতে আমরাই কথা বলবো। এ এলাকার নিয়ন্ত্রণ আমাদের। জবাবে একটুও পিছিয়ে থাকেননি বিএনপি নেতা। ঠাণ্ডা স্বরে, কিন্তু কড়া বার্তায় তিনি বলেন, বাপ আপনাদের হতে পারে, কিন্তু ক্ষমতায় বিএনপি, দাদা কিন্তু আমাদের। আমাদের প্রভাব আগের মতোই থাকবে। দুই নেতার এই সংলাপ যেন শুধু একটি কক্ষের ভেতর সীমাবদ্ধ নয়, এটাই এখন পুরো নারায়ণগঞ্জ-৪ আসনের বাস্তবতা।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আলআমিন।এর পর থেকেই বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ফতুল্লার রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। মাঠে-ময়দানে, হাট-বাজারে, এমনকি অলিগলিতেও মুখোমুখি অবস্থানে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা।


খোঁজ নিয়ে জানা গেছে, হাট-বাজারের ইজারা, গার্মেন্টস ঝুট ব্যবসা, এমনকি বৈধ-অবৈধ বিভিন্ন আয়ের উৎসকে কেন্দ্র করে দুই দলের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। কোথাও ইজারা নিয়ে বিরোধ, কোথাও কমিশন বণ্টন নিয়ে টানাপোড়েন, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে।


এনসিপির একাধিক নেতা দাবি করছেন, জনগণের সমর্থন আমাদের সঙ্গে। বৈধভাবেই আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করছি। মাঠের নিয়ন্ত্রণও আমাদেরই থাকবে। অন্যদিকে বিএনপি নেতাদের বক্তব্য, এই এলাকায় আমাদের দীর্ঘদিনের সংগঠন ও প্রভাব রয়েছে। কেউ এসে সেটি দখল করে নেবে এটা আমরা মেনে নেবো না।


স্থানীয়দের ভাষ্য, ছোট একটি ইস্যুতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। কথার লড়াই যে কোনো সময় রূপ নিতে পারে সংঘর্ষে। ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ইতিমধ্যে বিএনপি-এনসিপির মধ্যে বেশ কয়েকটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামনে কোরবানির পশুর হাট। প্রতি বছরের মতো এবারও এই হাটকে ঘিরে বিপুল অর্থের লেনদেন হবে। আর সেই অর্থনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্নেই দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠবে এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।


সব মিলিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন এখন এক অদৃশ্য উত্তেজনার ভেতর দিয়ে যাচ্ছে। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। আর এই টানটান পরিস্থিতিতে প্রশ্ন একটাই, এই দ্বন্দ্ব কি কথার লড়াইয়েই সীমাবদ্ধ থাকবে, নাকি রূপ নেবে বড় কোনো সংঘর্ষে? সময়ই দেবে সেই উত্তর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন