বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী চাইলে সংসদের বাইরের যোগ্য ও বিশেষজ্ঞ ব্যক্তিদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারেন। সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা, অভিজ্ঞতা কিংবা বিশেষ অবদানের কারণে এসব ব্যক্তিকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রাজনৈতিক অঙ্গনে এ ধরনের মন্ত্রীদের ‘টেকনোক্রেট মন্ত্রী’ হিসেবে পরিচিতি রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গত ১৭ ফেব্রুয়ারি টেকনোক্র্যাট কোটায় খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশিদ পূর্ণ মন্ত্রী হিসেবে এবং আরও একজন প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর থেকেই দেশের বিভিন্ন জেলায় সম্ভাব্য টেকনোক্রেট মন্ত্রীদের নাম নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসেন কাসেমীর নাম। রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তিনি নাকি টেকনোক্রেট কোটায় মন্ত্রী হতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে শুরু হয় ব্যাপক আলোচনা।
তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন মুফতি মনির হোসেন কাসেমী। নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত এনসিপির প্রার্থী অ্যাডভোকেট আল আমিনের কাছে পরাজিত হন। তবে নির্বাচনের পরও অনেকের ধারণা ছিল, রাজনৈতিক সমীকরণ ও কেন্দ্রীয় যোগাযোগের কারণে তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন।
কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আলোচনা অনেকটাই স্তিমিত হয়ে যায়। এর মধ্যে নিজেদের সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মতবিরোধ নিয়েও আলোচনায় আসেন তিনি। একপর্যায়ে রাজনৈতিক অঙ্গনে কিছুটা আড়ালেও চলে যান কাসেমী। তবে সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় এসেছেন তিনি। নারায়ণগঞ্জজুড়ে আবারও গুঞ্জন উঠেছে, আসন্ন সময়ে টেকনোক্রেট কোটায় মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে মুফতি মনির হোসেন কাসেমীকে।
তবে এসব আলোচনা ও গুঞ্জনের সত্যতা নিয়ে কথা বললে মুফতি মনির হোসেন কাসেমী নিজেই বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আপতত এমন কোনো সম্ভাবনা নেই। এগুলো মূলত গুজব। তবে ভবিষ্যতে কী হবে, সেটা এখনই বলা যাচ্ছে না।” তার এই বক্তব্যের পরও রাজনৈতিক মহলে আলোচনা থেমে নেই। অনেকেই মনে করছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সমীকরণের ওপর নির্ভর করেই সামনে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। ফলে নারায়ণগঞ্জের রাজনীতিতে মুফতি মনির হোসেন কাসেমীকে ঘিরে টেকনোক্রেট মন্ত্রী হওয়ার আলোচনা আপাতত পুরোপুরি থামছে না।