জুলাই ঘিরে না.গঞ্জে নাশকতার শঙ্কা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও তা সফল হয়নি। প্রশাসনের কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে ওই সময়ে কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না হলেও জুলাই মাসকে ঘিরে নতুন করে বিভিন্ন কর্মসূচি ও তৎপরতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে দেশ ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, জুলাই মাস বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় বিষয়টি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। এ কারণে দলটির কিছু নেতাকর্মী নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়া কিংবা কর্মীদের সক্রিয় করার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, গোপন বৈঠক এবং বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালনের বিষয়েও আলোচনা চলছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে।
নারায়ণগঞ্জের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো গুজব, উসকানিমূলক প্রচারণা বা আকস্মিক কর্মসূচি জনমনে উদ্বেগ তৈরি করতে পারে। তাই সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এদিকে জুলাই মাসকে ঘিরে জেলার গুরুত্বপূর্ণ এলাকা, রাজনৈতিকভাবে স্পর্শকাতর স্থান এবং জনসমাগমপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গোয়েন্দা সংস্থাগুলোও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী কিংবা জুলাই কোনো নির্দিষ্ট বিষয় নয়। আমরা সবসময় যেকোনো ধরনের অরাজকতা ও নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।”
জেলার সচেতন মহলের প্রত্যাশা, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে না নেয় এবং যেকোনো ধরনের কর্মসূচি শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে পালন করা হয়। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো নাশকতা বা অস্থিতিশীলতার চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করবে আইনশৃঙ্খলা বাহিনী এমন প্রত্যাশাও তাদের।


