সাবেক এমপি বাবুর দেশত্যাগে সহযোগিতা করেছেন সুমন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
সাবেক এমপি বাবুর দেশত্যাগে সহযোগিতা করেছেন সুমন
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর দেশত্যাগকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। তা ছাড়া বৈষম্যবিরোধী একাধিক হত্যা মামলার আসামী এই বাবু কার ছত্রছায়ায় দেশত্যাগের সুবিধা পেলেন এমন প্রশ্নে উঠে এসেছে বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের নাম। তারই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর মাহমুদুর রহমান সুমন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে তার বাসায় আশ্রয় দিয়েছিলেন। তার অভিযোগ, সুমন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন।
এমনকি সুমনের সহযোগীতায় দেশ ত্যাগ করেছেন এই বাবু। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী গ্রামে ধন্দী হাইস্কুল সংলগ্ন এলাকায় অসুস্থ কারী মীজানুর রহমানের আশু সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমনই রহস্য উঠে আসে। সুমনের বিরুদ্ধে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের এমন তথ্য প্রমান উঠে আসায় তাকে আড়াইহাজারে অবাঞ্ছিত ঘোষণা করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
ফলে বিগত ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় একটি কর্মসূচিও পালন করতে পারেননি। বাবুকে ম্যানেজ করে নিজ বাড়িতে চার দেয়ালের ভেতরে নামমাত্র কর্মসূচি পালন করত। আড়াইহাজার বিএনপির দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তার বিরুদ্ধে নেই কোনো মামলা। কারণ কোনো মামলা হলে সাবেক এমপি বাবুকে আঙ্কেল ডেকে সে মামলা থেকে নিজেকে রক্ষা করতেন এই সুমন। এদিকে নজরুল ইসলাম বাবুর সঙ্গে সুমনের রাজনৈতিক সম্পর্ক নিয়ে অতীতেও সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি ও পাল্টা দাবি প্রকাশিত হয়েছে। একটি প্রতিবেদনে তাদের মধ্যে রাজনৈতিক সমঝোতার অভিযোগ তোলা হয়েছিল। অন্যদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যও বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। তা ছাড়া সুমনের বিরুদ্ধে কোনো মামলাও হয়নি।


