বিএনপির শেল্টারে দেদারসে কমিটি করছে আ.লীগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
বিএনপির শেল্টারে দেদারসে কমিটি করছে আ.লীগ
আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশের ফেরার গুঞ্জন উঠিয়ে দেশ জুড়ে শুরু করেছেন নাশকতা। একই সাথে নাশকতা পালনে কর্মীদের মনোবল চাঙা রাখতে ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে আতাঁত করে শেল্টারের মাধ্যমে গঠন করছেন একের পর এক কমিটি। তা ছাড়া ২০২৪ সালের ৫ আগষ্ট পটপরিবর্তনের পর স্বৈরাচারী শেখ হাসিনাসহ তার মূল সহযোগীরা পালিয়ে গেলেও ব্যবসা-বাণিজ্যসহ নিজ স্বার্থে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমঝোতায় আসে বিএনপির একাধিক নেতাকর্মীরা।
যাকে ঘিরে তাদের শেল্টার দিয়ে এলাকায় প্রকাশ্যে রেখেছেন অনেকেই। তা ছাড়া ভাগভাটোয়ারা করে করছেন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা একাধিক ব্যবসা। যাকে ঘিরে ধীরে ধীরে নিষিদ্ধ হয়ে ও সংগঠিত হতে শুরু করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে তাদের তৎপরতা। নানাভাবে দেশে-বিদেশে মিটিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যানার ফেস্টুন পোস্ট করে তৎপর হওয়ার পায়তারা শুরু করেছেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তাদের রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাদের সহযোগী সংগঠন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠনে কোন বাঁধা না থাকায় এবার জেলা ও মহানগর যুবলীগের কমিটি গঠনে আলোচনা শুরু করেছে।
এর পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের থানা কমিটিগুলোও ঘোষণা করে যাচ্ছেন। তা ছাড়া এই সকল কলকাঠি নাড়ছে বিদেশে বসে আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা অন্যদিকে এতে সামিল রয়েছে নারায়ণগঞ্জে ম্যানেজ করে ফিরে আশা একাধিক আওয়ামী লীগসহ সমঝোতায় ভাগ নেওয়া বিএনপি নেতারা। ইতিমধ্যে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের মাধ্যমে এক প্রকার প্রকাশ্যেই নবগঠিত কমিটির নেতারা তাদের সমর্থকদের নিয়ে নিজ বাসভবন বা রাজনৈতিক এলাকায় নানা পোগ্রাম করতে দেখা গেছে। তা ছাড়া স্বেচ্ছাসেবক লীগের পর এবার যুবলীগের কমিটি ঘিরে আলোচনার রেশ শুরু হয়েছে।
ঘোষিত কমিটি অনুযায়ী, গোপালদী পৌরসভায় মিজানুর রহমান মিশুকে সভাপতি ও আসাদুজ্জামান ভুট্টোকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আড়াইহাজার পৌরসভায় সাইদুল ইসলাম সোহেলকে সভাপতি, মুরাদ খানকে সাধারণ সম্পাদক এবং আবুল কালামকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগে এইচ এম জাকিরকে সভাপতি ও কাওছার আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে আওয়ামী লীগকে সংগঠিত করতে ইতিমধ্যে জেলা ও মহানগর যুবলীগের কমিটি নিয়ে আলোচনা উঠেছে।
তা ছাড়া অয়ন ওসমানের সহযোগী আহম্মেদ কাউসার, বাপ্পিসহ আরো অনেকেই আলোচনা শুরু করেছে স্থানীয় কর্মীদের সঙ্গে যারা দায়িত্বে আসতে ইচ্ছুক। এর আগে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে। সেখানে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে রাখা হয়েছে সোনারগাঁয়ের উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের আপন ছোট ভাই মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারন সম্পাদক হয়েছেন নগরীর ১৮নং ওয়ার্ডের নলুয়াপাড়ার বাসিন্দা নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর অন্যতম সমর্থক জামির হোসেন রনি।
নারায়ণগঞ্জ মহানগরে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হয়েছেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি নগরীর ১২নং ওয়ার্ড চাষাড়ার মহানগর যুবলীগের সভাপতি সাজনুর আপন ভাগিনা মো: জুয়েল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নগরীর ১৬নং ওয়ার্ডের দেওভোগ এলাকার কায়কোবাদ রুবেল যিনি আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীরের নিকট আত্মীয় এবং রুবেল সাবেক সিটি মেয়র আইভীর অন্যতম সমর্থক। এদিকে ঈদের আগে উক্ত কমিটির অনুমোদন দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এমনভাবে কমিটি করে করে ফের তৎপরতা বাড়াচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ আর যাদের শেল্টার দিচ্ছে বিএনপি নেতারা। তা ছাড়া ইতিমধ্যে ছাত্রলীগ-যুবলীগের কমিটি গঠনে শুরু হয়েছে তৎপরতা।


