আত্মগোপনকালে ঢাকায় মবের শিকার হয়েছিলেন খোকন সাহা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
এডভোকেট খোকন সাহা
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা এডভোকেট খোকন সাহা মারা গেছেন। রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সাড়ে ৪টায় তিনি মারা যান।
খোকন সাহা দীর্ঘদিন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারী হিসাবে দুইবার দায়িত্ব পালন করেছেন। তাঁর পরিবার জানিয়েছে, মঙ্গলবার সকালে শ্যামপুর শ্মশানে তাকে দাহ করা হয়েছে ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শামীম ওসমানের ঘনিষ্ট বন্ধু হিসাবে দীর্ঘদিন নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একচেটিয়া প্রভাব বিস্তার করে ছিলেন খোকন সাহা। ২০২৪ এর ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্যান্য নেতাদের মতো খোকন সাহা আত্মগোপন করেন। তিনি আশ্রয় নেন পুরান ঢাকার সূত্রাপুর এলাকা। এই এলাকাটি তিনি নিরাপদ মনে করেছিলেন। আশেপাশে প্রচুর সংখ্যক হিন্দু পরিবারের বাস ছিলো। এই বাড়িতে থাকাকালে মবের শিকার হয়েছিলেন খোকন সাহা।
যে বাসায় খোকন সাহা থাকতেন সেখানে একজন কাজের মহিলা কাজ করতেন। ওই মহিলা সূত্রাপুর এলাকার একটি বস্তিতে থাকতেন। খোকন সাহা যেহেতু ঘর থেকে বের হতেন না, তাই ফোনেই বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখতেন। শামীম ওসমানসহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সাথে তিনি ফোনে কথা বলতেন।
বাড়ির কাজের মহিলা একদিন বুঝতে পারেন খোকন সাহা একজন পলাতক আওয়ামী লীগ নেতা এবং প্রচুর অর্থ সম্পদের মালিক। খোকন সাহার পলাতক জীবন নিয়ে ওই কাজের মহিলা একদিন তাঁর স্বামীকে জানান। এই খবর শুনে ওই স্বামী স্থানীয় কিছু লোকের সাথে কথা বললে সবাই মিলে এক সকালে খোকন সাহার বাসায় যায় এবং মবের সৃষ্টি করে। খোকন সাহা প্রায় কোটি টাকার বিনিময়ে তাঁদের হাতে থেকে নিজেকে রক্ষা করে অন্যত্র চলে যান। মবের শিকার এবং টাকা হারানোর শোকে ধীরে ধীরে খোকন সাহা অসুস্থ হতে থাকেন । হার্ট এ্যাটাক করেন তিনি।
ক্লিনিকে ভর্তি করার পর অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে চলে যান। খোকন সাহার একমাত্র ছেলে কানাডায় অবস্থান করছেন।
তাঁর পরিবারিক সূত্র জানিয়েছে, মবের ঘটনার পর খোকন সাহা তাঁর ছেলেকে দেশে ফিরতে না করেন। পিতার অসুস্থতার খবর পেয়েও মামলা-হয়রানির ভয়ে খোকন সাহার ছেলে কানাডা থেকে আর দেশে ফিরে আসেননি।


