লোডশেডিংয়ে বিঘ্নিত হচ্ছে ক্লাসরুমে পাঠদান
নুরুন নাহার নিরু
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ১০:০৪ পিএম
# তীব্র গরমে স্কুলের ক্লাসে পড়াশোনায় মনযোগ দিতে পারছে না শিক্ষার্থীরা
দেশ জুড়ে হঠাৎ করে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। সারাদেশে প্রতিদিনই হচ্ছে লোডশেডিং। লোডশেডিং এর কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় বড় ধরনের ব্যাঘাত ঘটছে। তীব্র গরমে স্কুলের ক্লাসে পড়াশোনায় মনযোগ দিতে পারছে না শিক্ষার্থীরা। এছাড়া সন্ধ্যায় লোডশেডিং হওয়ার কারনে বাসায়ও ঠিকভাবে স্কুলের পড়া শেষ করতে পারছে না।
নারায়ণগঞ্জের কিছু স্কুল ঘুরে দেখা যায় যে, ছাত্রছাত্রীর তুলনায় ক্লাসরুম গুলোতে ফ্যানের সংখ্যা , মাত্র দু-একটি। তার মধ্যে লোডশেডিং হলে বাচ্চারা পুরো নাজেহাল অবস্থায় থাকে। শিক্ষকরাও সঠিকভাবে ছাত্রছাত্রীদের পড়াতে পারছেন না।
নারায়ণগঞ্জের একজন স্কুল শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন, ‘দীর্ঘদিন বিদ্যুৎতের কোনো সমস্যা না হওয়ার কারনে ক্লাস করাতে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট থাকার কারণে প্রায় কয়েকবার লোডশেডিং হচ্ছে যার কারণে পাঠদানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে।’
আরেকজন কলেজ শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন, সব প্রতিষ্ঠনে জেনারেটরের ব্যবস্থা না থাকার কারণে তীব্র গরমের মধ্যে ক্লাস নিতে হচ্ছে শিক্ষদের। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা যাচ্ছেনা। প্রায় সময় দেখা যায় শিক্ষার্থীরা তীব্র গরম থাকার কারণে ক্লাস করতে পারছেনা, ফলে ক্লাসে পাঠদানেও বিঘ্ন ঘটছে।’
নারায়ণগঞ্জ কলেজের ছাত্রী সুমাইয়া বলেন, ‘আমি কলেজের পড়া সাধারণত রাতে শেষ করি অথবা বাড়ির কোনো কাজ করি। কিন্তু আমাদের এলাকাতে রাতে প্রতিদিনই লোডশেডিং হচ্ছে যার কারণে, আমি ঠিকমত পড়তে পারছি না।’
সুমাইয়ার মা বলেন, ‘লোডশেডিং হলে প্রায় রাতে দুই থেকে তিন ঘন্টা পর বিদ্যুৎ আসছে। যার কারনে মেয়েটা রাতে দেরি করে ঘুমাতে যাচ্ছে। এছাড়া চার্জার ফ্যান নিয়ে বসে থাকাও তো সম্ভব হচ্ছে না; এতে সময়ও অপচয় হচ্ছে।’ এন.এইচ./জেসি


