Logo
Logo
×

জনদুর্ভোগ

রহিমা ইন্ডাস্ট্রিয়ালের মালিককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৭:০২ পিএম

রহিমা ইন্ডাস্ট্রিয়ালের মালিককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
Swapno


রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে শ্রমিক নিহতের ঘটনায় মালিককে অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট। একই সাথে নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা, উপযুক্ত ক্ষতিপূরণ ও পূনর্বাসনের দাবি করা হয়েছে। 

 

 

শনিবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আফজাল হোসেন, রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক এস.এম.কাদির, রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, জেলা কমিটির সদস্য রেজাউল, তারু।

 

 

সমাবেশে বক্তারা বলেন, রূপগঞ্জের ভুলতায় অবস্থিত রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে চুল্লি বিষ্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ইতিমধ্যে ৬ জন শ্রমিক মৃত্যুবরণ করেছে। ২ জন আশঙ্কাজনকভাবে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

 

 

উচ্চ ঝুঁকিপূর্ণ স্টিল এবং রি-রোলিং মিলগুলোতে যে ধরণের সেফটি ব্যবস্থা থাকা দরকার, শ্রমিকদের সেফটি পোশাক থাকার কথা এর কোনটাই এখানে ছিল না। অগ্নি নির্বাপনেরও কোন ব্যবস্থা ছিল না। ছাড়পত্র ছিল না বলে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে। বাস্তবে মালিকের অতি মুনাফার লোভ, অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। এটাকে দুর্ঘটনা বলা যায় না, এটা হত্যাকাণ্ড। অবিলম্বে মালিককে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

 

 

নেতৃবৃন্দ রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে শ্রমিকের মৃত্যুর জন্য মালিককে অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি, নিহতদের আইএলও কনভেনশন মোতাবেক আজীবন আয়ের সমান মানদণ্ড ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা, উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি করেন। একই সাথে নেতৃবৃন্দ কারখানা দেখভাল করার জন্য নিয়োজিত সরকারি কতৃপক্ষের দায়িত্বরতদের ব্যাপারেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন