Logo
Logo
×

বিশেষ সংবাদ

ত্বকীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদে মেয়র আইভী (ভিডিও)

Icon

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৫:৩৮ পিএম

ত্বকীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদে মেয়র আইভী (ভিডিও)
Swapno

 

মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৮ বছর পূর্তি উপলক্ষে ত্বকীর কবর জিয়ারত করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক, ত্বকীর পিতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

 


শনিবার (৬ মার্চ) সকালে পুরান বন্দর এলাকার সিরাজ শাহ্’র মাজারে অবস্থিত ত্বকীর সমাধিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।


এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংষ্কৃতিক জোটের সভাপতি ভবাণী শংকর রায়, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু আবু সুফিয়ান, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক এড.আওলাদ হোসেন, ত্বকী হত্যা মামলার আইনজীবী বাবু প্রদীপ ঘোষ, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথিন চক্রবর্তী, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ।


প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করা হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে। দুদিন পর ৮ মার্চ কুমুদিনীর পাশে শীতলক্ষ্যা নদীর খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে উচ্চ আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব)। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র দাখিল হয়নি। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলেও তিনজন জামিনে বেরিয়ে যান। একজন কারাগারে আছেন।


ছেলে হত্যার বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় হতাশ নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি মনে করেন, খুনিরা প্রভাবশালী হওয়ায় এখনও ত্বকী হত্যার বিচার হচ্ছে না। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যাকারীরা। সরকার আন্তরিক হলে কেবল ত্বকী হত্যার বিচার সম্ভব বলে মনে করেন তিনি।


ছেলের হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ কামনা করেছেন ত্বকীর বাবা ও সন্ত্রাসবিরোধী ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি বলেন, ‘আমাদের সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী,  যেকোনো অপরাধ সংগঠিত হলে ৬০ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করার নিয়ম রয়েছে। কিন্তু ত্বকী হত্যার আট বছর পরেও অভিযোগপত্র দেওয়া হয়নি। যদিও কিছুদিন আগে আমরা দেখলাম, প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বললেন; আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু ত্বকী হত্যার ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলছে না। যদি চলত, তাহলে একটি অভিযোগপত্র দিতে আট বছর বিলম্ব হয় না।’

 

ত্বকীর বাবা দাবি করেন, ঘটনার এক বছরের মাথায় তদন্তকারী সংস্থা হত্যা রহস্য উন্মোচন করেছিল। ২০১৪ সালের ৫ মার্চ র‌্যাব এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেও সব জানিয়েছিল। এবং এ ঘটনায় ১৬৪ ধারায় ইউসুফ হোসেন লিটন, সুলতান শওকত ভ্রমর জবানবন্দি দিয়েছেন। এতে ১১ জন নাম উঠে আসে।


‘হত্যাকারীরা ত্বকীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করে। এবং গজারির লাঠি দিয়ে পিটিয়ে তাকে অজ্ঞান করা হয়। পরে একটি গাড়িতে করে লাশ শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়’, যোগ করেন রফিউর রাব্বি।
মামলার ব্যাপারে ত্বকী হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু বলেন, ‘আমরা কখনও কখনও দেখেছি, মামলার তদন্তকারী সংস্থা কোনো ক্লু খুঁজে পায় না, কোনো আসামিদের নাম-ঠিকানা খুঁজে পায় না। সেজন্য দীর্ঘসময় পার হলেও তারা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিতে পারে না। কিন্তু ত্বকী হত্যার ঘটনাটি একেবারেই ভিন্ন ধারার। কারণ, এই মামলার আসামিরা শনাক্ত। এবং আসামিরা জবানবন্দিতে হত্যার তথ্য জানিয়েছে। এরপর র‌্যাব সংবাদ সম্মেলন করে সবকিছু জানাল। র‌্যাব থেকে আমরা একটি অভিযোগপত্রের খসড়া পেয়েছিলাম। এবং তারা বলেছিল যে, দ্রুতই অভিযোগপত্র আদালতে দাখিল করবে। কিন্তু এরপর থেকে দেখছি, এটি আর এগোচ্ছে না। আসামিদে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা জানি, ১৬৪ ধারার জবানবন্দিতে যখন কোনো আসামির নাম আসে তখন তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু দেখলাম যে, এই মামলার ক্ষেত্রে সেই আসামিদের  গ্রেপ্তার করা হয়নি। তারা লম্প-ঝম্প করছে, ঘুরে বেড়াচ্ছে।’

 


গত ১ মার্চ আদালতে দরখাস্ত করার কথা জানিয়ে আইনজীবী বলেন, ‘সেখানে আমরা বলেছি, জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদেরকে গ্রেপ্তারের জন্য। আদালত আদেশ দিয়েছেন, যেকোনো সময় তদন্তকারী কর্মকর্তা চাইলে আসামিদের গ্রেপ্তার করতে পারেন। কিন্তু আমরা দেখছি যে, তদন্তকারী কর্মকর্তা আসলে কাউকে গ্রেপ্তার করছেন না।’

 


ত্বকী হত্যার বিচার চেয়ে বিভিন্ন সময়ে ভাষাসৈনিক, লেখক, গবেষক, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ আইনজীবীসহ বিশিষ্ট নাগরিকরা বিবৃতি দিয়েছেন। তাঁরা বলছেন, এই সরকারের আমলে অনেক বড় বড় আলোচিত হত্যাকা-ের বিচার হয়েছে। তাই সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য ত্বকী হত্যার বিচারকাজ সম্পন্ন করা জরুরি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন