Logo
Logo
×

বিশেষ সংবাদ

বঙ্গবন্ধু সড়কেই কেন বসতে চায় হকার?

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ১০:০৮ পিএম

বঙ্গবন্ধু সড়কেই কেন বসতে চায় হকার?
Swapno

চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকারদের বসতে না দেওয়াতে নগরবাসীকে এ পর্যন্ত, অনেক অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখী হতে হয়েছে। যার মধ্যে ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর উপড় হামলা, অন্যতম! এদিকে এরই ধারাবাহিকতায় গত ৯ মার্চ একই ইস্যুতে, রাস্তায় আগুন জ্বেলে; যানবাহন ভাঙচুরের মধ্যদিয়ে রীতিমতো তান্ডব চালিয়েছে হকাররা। এ সময় আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছেন অনেকে। ঘটনায় ৩০ জনের নামোল্লেখসহ ২৫০ জন হকারকে আসামি করে মামলাও দায়ের করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। গ্রেফতার হয়েছেন হকার নেতা আসাদসহ কালু গাজী ও মানিক দেওয়ান। কিন্তু এসবের পরও হকারদের মুখে একই সুর, পুনর্বাসনের আগে বসতে চায় বঙ্গবন্ধু সড়কে! যদিও জানা গেছে, ৬৭২ জন হকারের তালিকা তৈরি করে নাসিক হকার্স মার্কেট করে দিয়েছেন বহু আগে। তবে সেখানকার বেশিরভাগ দোকান বিক্রি করে হকারনেতারা বসতে চান বঙ্গবন্ধু সড়কে! তাই সকলের মাঝেই এখন প্রশ্ন, বঙ্গবন্ধু সড়কেই কেন বসতে চায় হকার নেতারা?

 

জানতে চাইলে সাংষ্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘এটাতো স্পষ্ট যে, বঙ্গবন্ধু সড়কে হকার বসানোর পিছনে চাঁদাবাজি আছে। আর এর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা যেমন জড়িত, ওই লোকেরাও জড়িত। তাই আমরা চাই কোনোভাবেই যাতে এই শহরে হকার না বসে।’

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘স্বার্থ ছাড়া কেউই কিছু করে না। বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে চাঁদাবাজির বিষয়টি আছে বলেই, যারা মাস গেলে কোটি টাকা গুনতে পারে তাঁরা হকারদের প্রশ্রয় দিচ্ছে। নারায়ণগঞ্জে আগে কিন্তু হকার ছিলোনা; কিন্তু এখানে যখন জমে উঠল তখনই প্রচুর হকার আসতে শুরু করল। তাই অবশ্যই এখানে চাঁদাবাজি রয়েছে।’  

 

নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহিদ আলম দিপু বলেন, ‘বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার বসানোর পিছনে চাঁদাবাজির একটি বিষয় অবশ্যই রয়েছে। আর এটা সাধারণ হকাররা নিজের মুখেই বলে। তাই আমরা কেউই ফুটপাতে হকার বসানো পক্ষে নই। সারা বিশ্বেই হকার বসে কিন্তু সেটার একটি নিয়ম রয়েছে। ছুটির দিনে নির্দিষ্ট একটি সময়ে তাঁরা বসে। নারায়ণগঞ্জের মতো ফুটপাত বন্ধ করে, মানুষের সমস্যা সৃষ্টি করে কোথাও হকার বসেনা।’

 

এদিকে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে বহুদিন ধরে বঙ্গবন্ধু সড়কের হকার বসাতে দেওয়ার পক্ষে আন্দোলন করে আসা নারায়ণগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির (সিপিবি) সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘আমি যতটুকু শুনেছি, বঙ্গবন্ধু সড়কের ফুটপাতের হকারদের কাছ থেকে ১০ টাকা অথবা ২০ টাকা চাঁদা তোলা হয়। যারাই এই চাঁদা আদায় করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদেরও যদি কেউ বলে যে, এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে তাহলে আমরাও এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবো।’

 

কিন্তু চাঁদাবাজির হয় কিনা জানতে চাইলে নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি রহিম মুন্সি বলেন, ‘আমাদের এখানে কোনো চাঁদাবাজি হয়না। আমাদের বিরুদ্ধে কেউ এমন কোনো অভিযোগ দিতেও পারবেনা। আমরা সবাই দু-বেলা খেয়ে বেঁচে থাকার জন্যই এখানে দোকান বসাতে চাই। তবে আমাদের পুর্নবাসনের ব্যবস্থা করে দিলে আমরা আর এখানে বসবো না।’  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন