শহরের খানপুরের বাসিন্দা হাজী আকবর আলী মুন্সির ছেলে মো. বাকের আলী মুন্সী (বাকের ভাই) আর নেই। বুধবার (৩১ মার্চ) দুপুর দুইটায় তিনি খানপুরে তার বোনের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ছিলেন অবিবাহিত।
তার ভাগিনা নারায়ণগঞ্জ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান শ্যামল জানান, বাকের আলী নারায়ণগঞ্জের অন্যতম সম্ভ্রান্ত ও ধনবান পরিবারের সন্তান হলেও মানসিকভাবে অপ্রকৃতিস্থ হওয়ায় চলতেন অত্যন্ত সাধারণভাবে। নগরীর আলম কেবিন তার ভাইদের। তার নিজের একটি দোকান ছিলো, যা থেকে তিনি মাসিক পনের হাজার টাকা ভাড়া পেতেন। নগরীর ধর্মতলা জনতা ব্যাংকে তিনি এ টাকা জমা রাখতেন।
প্রচন্ড গরমেও তাকে কোর্ট টাই পড়ে থাকতে দেখা যেতো। কিছু জিজ্ঞেস করলেই দিতেন অমায়িক হাসি। ছিলেন বঙ্গবন্ধুর প্রচন্ড ভক্ত। বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন স্থানে তাকে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ দিতে বা নগরীর বিভিন্ন সমস্যার বিষয়ে বক্তব্য রাখতে দেখা যেতো। তার বক্তব্য শুনতে লোকজনও জমে যেতো। তবে আওয়ামীলীগ, বিএনপি নির্বিশেষে তিনি সকলের কাছে ছিলেন জনপ্রিয়। বুধবার বাদ এশা খানপুর চিলড্রেন পার্কে তার জানাজা অনুষ্ঠিত হয়।


