কুমুদিনী মেডিক্যাল কলেজ নির্মাণে আইভী-সেলিম শিবিরে ঐক্য
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ জুন ২০২১, ১১:৪৯ পিএম
কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউট নির্মাণে বাধা দেয়ার অপরাধে শ্রমিক নেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের উপর চটেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান শিবির। এরই মাঝে সংসদ সদস্য সেলিম ওসমানের অনুসারিরা মাহবুবুর রহমান ইসমাইলের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এবং তারা তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেছেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন মাহবুবুর রহমান ইসমাইল এই শহরে মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছেন তিনি সেটা না থামালে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণপিটুনী দেয়া হবে। কারণ নারায়ণগঞ্জ শহরে একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল খুবই জরুরী।
অপরদিকে, গতকাল নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরও মাহবুবুর রহমান ইসমাইলের বিরুদ্ধে কঠোর হুঁিশয়ারী উচ্চারণ করেছেন এবং কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরে কোনো মেডিক্যাল কলেজ হাসপাতাল নেই। অথচ এই নারায়ণগঞ্জ শহর দেশের সবচেয়ে ধনী শহর হিসাবে পরিচিতি। সকল প্রকার ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হলো এই নারায়ণগঞ্জ। এই শহরে বিপুল সংখ্যক মানুষের বসবাস। নারায়ণগঞ্জ শহর থেকে সরকার বিপুল পরিমান রাজস্ব্য আহরণ করে থাকে।
তাই এখানে একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়ে তোলা এখন সময়ের দাবি। আর এটা বুঝতে পেরেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান দুইজনেই কুমিদিনীর এই মেডিক্যাল কলেজ নির্মানে সহযোগীতা করে আসছেন। তারা দুইজনেই নারায়ণগঞ্জবাসীর স্বার্থটাকে বড় করে দেখেছেন। তাই মাত্র কয়েকটি পরিবারের জন্য গোটা নারায়ণগঞ্জবাসীর প্রানের দাবিটি উপেক্ষিত হতে পারে না। আমরা মনে করি মাহবুবুর রহমান ইসমাইল একজন ধান্দাবাজ। অতীতেও আমরা তাকে নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকতে দেখেছি। সে সম্ভবত বিদেশীদের এজেন্ট।
তাই এখানে ভালো মানের একটি হাসপাতাল হোক সেটা সে চায় না। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ যেকোনো মুল্যে এই হাসপাতাল চায়। তাই আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এই হাসপাতাল নির্মাণে বাধা দেয়া হলে সেটা কোনো মতেই মেনে নেয়া হবে না। এই ক্ষেত্রে মেয়র আইভী এবং সেলিম ওসমান এমপির মানসিক ঐক্যকে আমরা স্বাগত জানাই। তারা নারায়ণগঞ্জবাসীর একটি প্রাণের দাবি পূরণ হোক সেটা চান বলেই এই মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ প্রশ্নে এক সুরে কথা বলছেন এবং দুইজনেই যার যার অবস্থান থেকে সহায়তা করে চলেছেন।
এমন কি, যে কয়জন শ্রমিকের বাসস্থানের কথা বলা হচ্ছে তাদেরকে দুই নেতাই সহায়তা করতে চান। তারপরেও তারা চান মেডিক্যাল কলেজটি হোক। তাই এই কাজে বাধা দিলে মাহবুবুর রহমান ইসমাইলকে নারায়ণগঞ্জের মানুষ উচিৎ শিক্ষা দিতে ভুল করবে না। আমরা যেকোনো মূল্যে চাই এই শহরে একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ হোক। তাই এটি নির্মাণে যেই বাধা দিক না কেনো আমরা চুল পরিমাণ ছাড় দেবোনা ইনশাআল্লাহ। আমরা জানি এই হাসপাতাল নির্মাণ করা হলে এইটি হবে দেশের অন্যতম এবং অত্যাধুনিক একটি হাসপাতাল।
এরই মাঝে মাননীয় প্রধানমন্ত্রী এই মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন। এই মেডিক্যাল কলেজটি নির্মাণ হলে এখান থেকে প্রতি বছর বহু মানসম্পন্ন ডাক্তার বের হবে। সঙ্গে থাকবে তিনশ শয্যা হাসপাতাল যেখানে উন্নত চিকিৎসা পাবে নারায়ণগঞ্জের মানুষ এবং সঙ্গে থাকে ক্যান্সার রোগীদের জন্য পঞ্চাশটি বিশেষ বেড। তাই এমন একটি মহৎ উদ্যোগকে কেউ বাধা দিতে পারে এটা ভাবা যায় না। কোথাকার কোন মাহবুবুর রহমান ইসমাইল এসেছে এই কাজে বাধা দিতে। নারায়ণগঞ্জবাসী তার এই ঔদ্ধত্ব আচর সহ্য করবে না। প্রয়োজনে তাকে নারায়ণগঞ্জ ছাড়া করা হবে।


