Logo
Logo
×

বিশেষ সংবাদ

নির্যাতন বেড়েছে, গ্রেফতার কম

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ জুন ২০২১, ০৭:৩৭ পিএম

নির্যাতন বেড়েছে, গ্রেফতার কম
Swapno

# তাৎক্ষণিক ব্যবস্থা  গ্রহণের দাবি জানাই- আব্দুস সালাম


# গ্রেফতার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে : শরীফউদ্দিন সবুজ 

 

সমাজের সমস্যাগুলোর নেপথ্যের কারণ যারা জনসম্মুখে তুলে ধরেন সাংবাদিকরা। কিন্তু গতবছর নারায়ণগঞ্জে করোনার প্রকোপ বৃদ্ধির সময় থেকে সাংবাদিকদের উপর হামলা-আক্রমন-নির্যাতন ও নিপীড়নের ঘটনাও বেড়েছে। সূত্র বলছে, গেল বছর থেকে নারায়ণগঞ্জে ছোট-বড় ঘটনা মিলিয়ে অন্তঃত পঞ্চাশটির মতো সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এরমধ্যে সাংবাদিক হত্যা ও হত্যাচেষ্টার মতো ঘটনাও রয়েছে। তবে সাংবাদিকদের উপর হামলার এসব ঘটনায় দায়ীদের গ্রেফতার ও বিচারের সম্মুখীন না করতে পারায় সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবং সেটি ক্রমেই বাড়ছে।

 

গত ২১ জুন রাতে রূপগঞ্জে দৈনিক আলোকিত বাংলাদেশের রূপগঞ্জ প্রতিনিধি  ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. রিয়াজ হোসেনের উপর অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এঘটনায় সাংবাদিক রিয়াজ আশঙ্কাজনকভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সূত্র জানিয়েছে, রিয়াজের উপর ৫ জন দুষ্কিৃতীকারী  এই হামলা চালায়। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সূত্র জানায়, শুধু রিয়াজই নয়, ২৪ জুন দিবাগত রাত ৩ টায় সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় ডেইলি এশিয়ান এইজের সাংবাদিক এমরান হোসেনের অফিসে গিয়ে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

গত ২৩ মার্চ দৈনিক সংবাদচর্চা পত্রিকার ফটো সাংবাদিক প্রিতমকে পিটিয়ে ও রক্তাক্ত জখম করে একদল সন্ত্রাসী। গত ১৭ এপ্রিল আলিরটেকে একই পত্রিকার স্টাফ রিপোর্টার রাকিব হোসেনকে জমিসংক্রান্ত বিরোধের জেরে মাথা ফাটিয়ে দেয় সন্ত্রাসীরা। এমনকি তার বাড়িতেও হামলা চালায় সন্ত্রাসীরা। সূত্র জানায়, সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক কাণ্ড প্রচার করায়  সোনারগাঁয়ে চ্যানেল এস’র সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে হেফাজত কর্মী-সর্মথকর। গত বছরের ১১ অক্টোবর রাত ৮টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তায় প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয় দৈনিক বিজয়ের সাংবাদিক ইলিয়াসকে।

 

সূত্র জানায়, এসব ঘটনা ব্যতিরেকেও আরও অন্তঃত ৪০টিরও বেশি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে নানাজন নানা কারণ ব্যাখ্যা করলেও মূলত এসব হামলার পেছনের কুশীলবদের আইনের আওতায় নিয়ে আসতে না পারায় সাংবাদিক নির্যাতনের ঘটনাকে উৎসাহিত করা হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। খোঁজ নিয়ে জানা গেছে, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সাংবাদিক নির্যাতন, হেনস্তা, মারধর ও নিপীড়নের ঘটনা নারায়ণগঞ্জে বেড়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

 


নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউয়িনের (এনইউজে) সভাপতি আবদুস সালাম যুগের চিন্তাকে বলেন, ‘সম্প্রতি রিয়াজের ঘটনায় আমরা স্পষ্টভাষায় বলেছি, আমরা ঘটনার সঠিক তদন্ত চাই। যারা এঘটনার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছি। আমরা পুলিশ সুপারের সাথে এব্যাপারে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, এঘটনায় জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা হবে, সেভাবে কাজ চলছে। আমরা সোজা কথায় বলতে চাই, সাংবাদিকদের হেনস্থা, নিপীড়নের ঘটনায় যাতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।’ 

 


নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ সবুজ যুগের চিন্তাকে বলেন, যে কোন মানুষের উপরে আঘাত আসলে যদি সেটির বিচার না হয় তবে অপরাধীরা উৎসাহিত হয়। সাংবাদিকরা সাধারণ মানুষের কথা বলে, সমাজের অপ্রিয় কথাগুলো তুলে ধরে। কিন্তু সাংবাদিকের পোশাকধারী, অস্ত্রধারী নন, তাদের চাকুরীর নিশ্চয়তা নেই, তাদের বেশিরভাগ সম্পদশালী নন, তারপরেও বেশিরভাগ সাংবাদিক মানুষের পক্ষেই কাজ করেন। যার ফলে তারা দুষ্কৃতিকারীদের টার্গেটে পরিণত হন। দেশের আইনশৃঙ্খলাবাহিনীর উচিৎ সাংবাদিকদের পাশে দাঁড়ানো। অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসা। না হলে অপরাধীরা এসব অপরাধে উৎসাহিত হবে।’ 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন