ভাসছে ফতুল্লা, ‘প্রমোদতরীতে’ শামীম ওসমান!
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ জুন ২০২১, ০৮:০০ পিএম
# বিলাসবহুল ক্রুজ দিয়ে ‘স্ট্যাচু অব লিবার্টি’ দেখতে গিয়েছেন শামীম ওসমান
# স্কাইলাইন প্রিন্সেস নামক সেই জাহাজে এমপির সফরসঙ্গী ছিলেন অগা মিঠু
নিজের সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা বর্ষার অতিবৃষ্টির কারণে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমড় সমান পানিতে ডুবে আছে। এতে ভোগান্তি সইতে না পেরে ইতিমধ্যে এসব এলাকার সাধারণ মানুষকে নিজ এলাকা ত্যাগ করতেও দেখা গেছে। আর যারা এলাকাতেই রয়ে গেছেন, তাঁদের অবস্থাও বেগতিক। প্রতিনিয়ত যুদ্ধ করছেন ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির সঙ্গে।
অথচ নিজের নির্বাচনী এলাকায় এতো বড় সমস্যা থাকার পরও জনপ্রতিনিধি অবকাশযাপন করতে গিয়েছেন আমেরিকায়। বলছিলাম নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের আমেরিকায় অবকাশ যাপন এবং তাঁর নির্বাচনী এলাকা ফুতুল্লার বর্তমান পরিস্থিতির কথা। মূলত বর্ষার অতিবৃষ্টিতে ফতুল্লার অধিকাংশ এলাকা পানিতে ডুবে থাকলেও এই এলাকার সাংসদ শামীম ওসমান বর্তমানে আমেরিকার নিউইয়র্কে অবস্থান করছেন। সঙ্গে আছেন তাঁর স্ত্রী লিপি ওসমানও।
জানা গেছে, আমেরিকায় বসবাসরত বাঙালীদের আমন্ত্রণে এই দম্পত্তি প্রতিদিনই কোন না কোন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। গত ২৬ জুনও তাঁদের একটি নৌ বিহারে দেখা যায়। উত্তর আমেরিকার অরাজনৈতিক বাঙালি সংগঠন ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি’ আয়োজিত সেই নৌ বিহারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম ওসমান। সেখানে নাচ, গান, আনন্দ-ফূর্তি, খাওয়া দাওয়া কোনটিরই কমতি ছিলোনা।
নির্ভরশীল একটি সূত্র থেকে জানা যায়, গত ২৬ জুন শনিবার নিউইয়র্কের ‘ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা’ পার্ক থেকে বিলাসবহুল এক ক্রুজ (প্রমোদতরী) দিয়ে নৌ ভ্রমণে বের হন শামীম ওসমান ও তাঁর স্ত্রী লিপি ওসমান। ‘স্কাই লাইন প্রিন্সেস’ নামক তিন তলা সেই বিলাসবহুল ক্রুজের মাধ্যমে সেদিন নিউইয়র্কের হারলেম নদী পার হয়ে স্ট্যাচু অব লিবার্টি দেখতে যান শামীম ওসমান। এ সময় ক্রুজের (প্রমোদতরী) মধ্যে স্ত্রীসহ নাচ, গান ও আনন্দ উপভোগ করতে দেখা যায় তাকে। সঙ্গে ছিলেন বর্তমানে আমেরিকায় বসবাসরত এস এম মিঠু ওরফে অগা মিঠুসহ তার অন্যান্য কাছের লোকজন। সেদিন শামীম ওসমানের সেই নৌ ভ্রমণ চলে দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। এরপর নিউইয়র্কে করোনা পার্কে এসে শামীম ওসমানের নৌকা-বিলাস শেষ হয়। এর আগেও গত ১৬ জুন আমেরিকার নিউইয়র্কের একটি শহরে প্রবাশী বাঙালীরা নারায়ণগঞ্জের আলোচিত ও সমালোচিত এই সাংসদকে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সংবর্ধনা দিয়েছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছর বর্ষার শুরু থেকেই নারায়ণগঞ্জের ফতুল্লার অধিকাংশ এলাকা বৃষ্টির পানিতে ডুবে যায়। এরমধ্যে লালপুর, পৌষা পুকুরপাড়, ইসদাইর কুতুবপুর ও দেলপাড়াসহ এর আশেপাশের বিভিন্ন এলাকা রয়েছে। এসব এলাকাগুলোতে বর্ষা মৌসুমের সামান্য বৃষ্টিতেই দেখা যায়, কোথাও হাটু পানি আবার কিছু কিছু স্থানে সেই পানি কোমড় পর্যন্ত গিয়ে ঠেকছে। আর এতে সৃষ্ট স্থানীয় বাসীন্দারের ভোগান্তির কথাও সকলের জানা। কারণ দেশের নানান ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে এ নিয়ে এখন পর্যন্ত অসংখ্য সংবাদ প্রাকাশিত হয়েছে।
তবে প্রকাশিত সেই সংবাদগুলোর মধ্যে দেখা যায়, কৃত্রিম জলাবদ্ধতায় ভোগান্তির শিকার সেসব এলাকার লোকজন অভিযোগের তীর ছুঁড়ছেন স্থানীয় সাংসদ শামীম ওসমানের দিকে। তাই এই বছরও বর্ষা এসেছে, সেই বর্ষার অতিবৃষ্টিতে ডুবে গেছে ফতুল্লার বিভিন্ন এলাকা। তবে ফতুল্লার সাধারণ লোকজন দূর্ভোগের চরম পর্যায়ে থাকলেও পাশে পাচ্ছেনা স্থানীয় জনপ্রতিনিধি শামীম ওসমানকে। তারা বলছেন, ‘শামীম ওসমান শুধু ভোটের সময় মায়া কান্না করে ভোট নিয়ে যায়, কিন্তু আমাদের এই দুঃসময়ে তাকে আমরা পাশে পাচ্ছিনা’।


