নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সময়ের আলোর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ উদ্দিন সবুজকে দেখিয়ে দেয়ার হুমকি দিয়েছে জাতীয় পার্টির ক্যাডার হাজী রিপন। এসময় সাংবাদিকরা ও আশেপাশের লোকজন উত্তেজিত হয়ে উঠলে সে পালিয়ে যায়। সোমবার বেলা সোয়া একটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের লিফটে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর থানায় করা জিডিতে শরীফ উদ্দিন সবুজ উল্লেখ করেন, সোমবার বেলা সোয়া একটার দিকে তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের পঞ্চম তলায় তার অফিস থেকে প্রেসক্লাবের লিফটে নামছিলেন। ক্লাবের ষষ্ঠ তলা থেকে লিফটে এসে পঞ্চম তলায় থামে সন্ত্রাসী হিসেবে শহরে পরিচিত হাজী রিপন। তিনি লিফটে উঠে ক্লাবের তৃতীয় তলায় থামেন। এখান থেকে তার দুই বন্ধু লিফটে উঠে। তারা লিফটে উঠতে সাত থেকে দশ সেকেন্ড দেরী হয়। এ নিয়ে হাজী রিপন ও তার সাথে থাকা নীল শার্ট পড়া এক ব্যাক্তি খুবই উত্তেজিত হয়ে ওঠে।
হাজী রিপন শরীফ উদ্দিন সবুজকে দেখিয়ে দেয়ার হুমকি দিতে থাকেন। নিচে লিফট থামলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার শাহ আলম হাজী রিপনের কথার প্রতিবাদ করলে হাজী রিপন তার সাথেও উত্তেজিত হয়ে ওঠে। এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবু সাউদ মাসুদ, প্রেসক্লাবের পিয়নরাসহ আশেপাশের দোকানদার ও প্রতিবেশিরা এসে হাজী রিপনের উত্তেজিত আচরনের প্রতিবাদ জানায়। সবার ক্ষোভের মুখে হাজী রিপন পালিয়ে যায়।
হাজী রিপন নারায়ণগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় একাধিক জিডি ও মামলা রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ও হাজী রিপনের খোঁজে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


