# বিতর্কিত ফ্রিডম পার্টির নেতা লিটন আনন্দভ্রমণের ছবি ফেসবুকে শেয়ার করেন
# শামীম ওসমানের সাথে ছিলেন জামাতের মনোনিত সেক্রেটারি প্রাথী আসাদ
# এমপির সফরসঙ্গী ছিলেন আরেক বিতর্কিত অগা মিঠু
# আ’ লীগ নেতাদের ক্ষোভ, দেশে-বিদেশে জামাত-রাজাকারের সন্তানকে প্রতিষ্ঠিত করেন তিনি
দেশে কিংবা বিদেশে আলোচনা-সমালোচনার ঝড় সবসময় এমপি শামীম ওসমানের সাথে। সম্প্রতি কোভিডের চোখরাঙানির মধ্যেও আমেরিকায় সফরে থাকা শামীম ওসমান দুর্বার গতিতে আবারো সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। একে তো শামীম ওসমান যখন আমেরিকায় একের পর এক পার্টিতে যোগ দিচ্ছে এদিকে দেশে তার নির্বাচনী এলাকার বৃহত্তর ফতুল্লাবাসী ভাসছে মানবসৃষ্ট জলজটে। মানুষের এসব সমস্যায় ভ্রুক্ষেপ না করায় ফতুল্লাবাসী এমপি শামীম ওসমানের উপর ক্ষিপ্ত।
তবে এসবকে ছাপিয়ে ২৬ জুন তাঁদের একটি নৌ বিহারে শামীম ওসমান সস্ত্রীক অংশগ্রহণের কিছু ছবি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনা। সূত্র জানিয়েছে, উত্তর আমেরিকার অরাজনৈতিক বাঙালি সংগঠন ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি’ আয়োজিত সেই নৌ বিহারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী লিপি ওসমান। সূত্র জানায়, তবে সেই নৌবিহারে নারায়ণগঞ্জবাসী কিছু চমক উপহার পেয়েছে, যার দরুণ অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে।
সূত্র জানিয়েছে, সেই নৌবিহারে শামীম ওসমানের সাথে অংশগ্রহণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাচক্রান্তের সাথে জড়িত ফ্রিডম পার্টির অন্যতম নেতা শামসুল আলম লিটন। এখানেই শেষ নয়, শামীম ওসমান ও শামসুল আলম লিটনের সাথে নৌবিহারে ছিলেন আসাদ নামের এক ব্যক্তি। এই আসাদ ১৯৮১ সালে শামীম ওসমান সরকারি তোলারাম কলেজে পড়াকালীন ছাত্র সংসদের নির্বাচনে আওয়ামী প্যানেল শামীম-জাহাঙ্গীর-মিলন পরিষদের বিপরীতে জামাত-শিবির-বিএনপি-ছাত্রদল প্যানেলে মহসিন-আসাদ-কামাল পরিষদের নির্বাচন করেছিলো। এতো বছর পরেও ফ্রিডম পার্টি নেতা শামসুল আলম লিটন ও জামাত-শিবিরের আসাদকে শামীম ওসমানের সাথে সূদূর আমেরিকায় নৌবিহারে দেখে হতবাক শামীম ওসমানের অনুসারী ও আওয়ামী ঘরনার ব্যক্তিরা।
সূত্র আরো জানিয়েছে, আমেরিকায় নৌবিহারে শামীম ওসমান তার স্ত্রীসহ প্রমোদতরীতে ভ্রমণের ছবিগুলো ফ্রিডম পার্টির নেতা শামসুল আলম লিটন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে শেয়ার করেন। আর এরপরপরই এনিয়ে দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সূত্র বলছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার জামাত-রাজাকারের সন্তানদের যাতে কোন ক্রমেই পুনর্বাসন করা না হয় সেই মর্মে বক্তব্য দিয়েছেন। কিন্তু নারায়ণগঞ্জে শামীম ওসমানের বন্ধু খালেদ হায়দার কাজলকে নিয়ে নানা সময় আপত্তি তুললেও তাতে কান দেননি শামীম ওসমান। যদিও মুনতাসির মামুনের বইয়ে কাজলের বাবার নাম স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
এছাড়া এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জে জামাত-বিএনপির ব্যক্তিদের প্রতিষ্ঠিত করছেন এমন অভিযোগও আওয়ামী লীগ নেতারাই তুলেছেন। এরমধ্যে দেশের বাইরে ভ্রমণে গিয়ে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার নীল নকশার সাথে জড়িত ঘৃণ্য ফ্রিডম পার্টি নেতা শামসুল আলম লিটন ও জামাতের ঘনিষ্ট আসাদের সাথে এমপি শামীম ওসমানের ছবি প্রকাশ পাওয়ায় এনিয়ে আওয়ামী লীগ নেতারা তীব্র হতাশা ব্যক্ত করেছেন। তারা বলছেন, এমপি শামীম ওসমান তো শুধু দেশেই রাজাকারের সন্তানদের প্রতিষ্ঠিত করেননি অবস্থা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে সূদূঢ় আমেরিকাতেও তিনি বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার সাথে জড়িত দলের লোকজনের সাথেও সখ্যতা বজায় রাখছেন।
সূত্র জানায়, গত ২৬ জুন শনিবার নিউইয়র্কের ‘ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা’ পার্ক থেকে বিলাসবহুল এক ক্রুজ (প্রমোদতরী) দিয়ে নৌ ভ্রমণে বের হন শামীম ওসমান ও তাঁর স্ত্রী লিপি ওসমান। ‘স্কাই লাইন প্রিন্সেস’ নামক তিন তলা সেই বিলাসবহুল ক্রুজের মাধ্যমে সেদিন নিউইয়র্কের হারলেম নদী পার হয়ে স্ট্যাচু অব লিবার্টি দেখতে যান শামীম ওসমান। এ সময় ক্রুজের (প্রমোদতরী) মধ্যে স্ত্রীসহ নাচ, গান ও আনন্দ উপভোগ করতে দেখা যায় তাকে। সঙ্গে ছিলেন বর্তমানে আমেরিকায় বসবাসরত আরেক বিতকির্তত এস এম মিঠু ওরফে অগা মিঠুসহ তার অন্যান্য কাছের লোকজন। সেদিন শামীম ওসমানের সেই নৌ ভ্রমণ চলে দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। এরপর নিউইয়র্কে করোনা পার্কে এসে শামীম ওসমানের নৌকা-বিলাস শেষ হয়। সেখানে নাচ, গান, আনন্দ-ফূর্তি, খাওয়া দাওয়া কোনটিরই কমতি ছিলোনা।
সূত্র জানিয়েছে, শামীম ওসমানের নির্বাচনী এলাকার অংশ ফতুল্লায় কুতুবপুর, লালপুর, ইসদাইর, পৌষা পুকুর পারসহ বির্স্তীন এলাকা সারা বছর জুড়েই পানিতে ভাসছিল। মুখে উন্নয়নের বুলি ছুঁড়লেও কাজের কাজ যে কিছুই করেননি এবার ফতুল্লার মানুষ সেটি টের পেয়েছে। এমনকি ফতুল্লার মানুষ কিভাবে পানির সাথে যুদ্ধ করছে সেটি চোখের দেখাও দেখতে যাননি এমপি শামীম ওসমান। উল্টো এই করোনার খারাপ পরিস্থিতিতেও পরিবারসহ আমেরিকা ভ্রমণে বেরিয়ে যান তিনি। যেখানে ফতুল্লার মানুষ ভাসছেন পানিতে সেখানে এমপি শামীম ওসমান সস্ত্রীক বিতর্কিত ব্যক্তিদের নিয়ে স্ট্যাচু অব লিবার্টি দেখতে প্রমোদতরীতে বেরিয়ে পড়েন। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসায় ক্ষোভ আর নিজেদের মধ্যে ধরে রাখতে পারছেননা ফতুল্লাবাসী। ক্ষোভ ঝাড়ছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দও।
তারা বলছেন, শামীম ওসমান আসলে দেশে কীভাবে জামাত-বিএনপির লোকজনকে প্রতিষ্ঠিত করেছেন আওয়ামী নেতাদের বাদ দিয়ে এসব কথা তারা চিৎকার করে বলেই যাচ্ছিলেন, কেউ আমলে নিচ্ছিলেন না। কিন্তু এবার বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার সাথে জড়িত বিতর্কিত ফ্রিডম পার্টির নেতার সাথে বিলাসবহুল ক্রজে আনন্দভ্রমণের ছবি ফাঁস হওয়ার পরে শামীম ওসমান আর এটার কী উত্তর বের করেন তা সময়ই বলবে। তবে বিদেশে এটা শামীম ওসমানের নতুন রূপ।


