“কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?”
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ০৮:৫৮ পিএম
# আগামী বর্ষায় আর জলাবদ্ধতা দেখতে চান না এমপি
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, আমি আগামী বছর আর জলাবদ্ধতা দেখতে চাই না। রোববার তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন। আর তার এই প্রস্তাবকে বাস্তবায়ন করার জন্য আগামী রোববার তিনি বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রীকে নারায়ণগঞ্জে আনছেন। পানি সম্পদ মন্ত্রী আসার পরও একই প্রস্তাব উঠবে এটাই স্বাভাবিক। কিন্ত জলমগ্ন ফতুল্লা অঞ্চলের মানুষের ভয় এমন কথা তারা আগেও শুনেছেন।
এমপি শামীম ওসমান ফতুল্লা দেশের অন্যতম উন্নত এলাকা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? এখন ফতুল্লায় মানুষ বাস করতে পারে না। গোটা এলাকা ডুবে আছে বৃষ্টির পানিতে। আর এই মুহুর্ত্বে এসে এলাকার উন্নয়নের দায়িত্বে নিয়োজিত এমপিকে ক্ষমা চাইতে হচ্ছে। তাই শামীম ওসমান সমস্যা সমাধানের কথা বললেও ফতুল্লাবাসীর প্রশ্ন বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে? কারণ অত্র এলাকাকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে হলে গোটা এলাকায় পরিকল্পিত ডিপ ড্রেন গড়ে তুলতে হবে। ইসদাইর, গাবতলী, টাগারেরপাড়, লালপুর, পৌষা পুকুর পাড় এবং সস্তাপুর এলাকা জুরে পরিকল্পিত ডিপ ড্রেন গড়ে তোলা গেলেই কেবল সমস্যাটির স্থায়ী সমাধান সম্ভব।
এছাড়া ইসদাইর রেলওয়ে ব্রিজের পাশে আরো একটি বক্স কালভার্ট নির্মাণ করতে হবে। একটি বক্স কালভার্ট দিয়ে পানি নিস্কশিত হবে না। বিশেষ করে ভারি বৃষ্টিপাত হলে পানি সরবে না। এদিকে ফতুল্লা এলাকা একদিকে সিটি করপোরেশনের আওতায় নেই, আবার ডিএনডি প্রজেক্টের আওতায়ও নেই। তাহলে কারা করবে এসব ড্রেন নির্মানের কাজ। সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন এলজিইডি এসব ড্রেন নির্মাণ করতে পারে। কিন্তু এমপি যদি আগের মতো এবারও কথা বলেই তার দায় শেষ করেন তাহলে কোনো কাজ হবে না। তাকে লেগে থাকতে হবে। প্রয়োজনে সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজ দেখতে হবে। অন্যথায় আগামী বর্ষায় আবারও তাকে হতাশ হতে হবে।
এক কথায় এমপি শামীম ওসমানকে আন্তরিক হতে হবে বলে মনে করেন তার এলাকার জনগণ। এছাড়া তাকে চাটুকারদের কথা না শুনে নিজেকে খোঁজখবর নিতে হবে। তাহলে পরিস্থিতি বদলে যাবে। আর যদি তিনি সেটা না পারেন তাহলে এখনই তার উচিৎ অত্র এলাকাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় দিয়ে দেয়া। অন্যথায় এই অবস্থা চলতে থাকলে জাদরেল এমপি একেএম শামীম ওসমানের এলাকা পরিত্যাক্ত এলাকা হতে সময় লাগবে না। কারণ এরই মাঝে বহু লোক এসব জলমগ্ন এলাকা ছেড়েছে।


