‘তিনি নিজের ব্যর্থতার দায় সিটির ঘাড়ে চাঁপাতে চান’
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৯:৫৪ পিএম
# সিটি করপোরেশনের পানিতে ডুবছে ফতুল্লা, বলেছেন এমপি
রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফতুল্লার জলাবদ্ধতা নিয়ে এক আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পানি এসে তার ফতুল্লা এলাকা ডুবে যাচ্ছে। তাই এই ব্যাপারে জানতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের সাথে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।
তবে সিটি করপোরেশনের অন্য সূত্রগুলি জানিয়েছে আসলে বিষয়টি উল্টো। তাদের মতে ফতুল্লারতো অনেক এলাকায়ই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যেখানে সিটি করপোরেশনের সাথে কোনো সীমানা নেই। যেমন কুতুবপুর ইউনিয়ন। আর বাস্তব সত্য হলো ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে শামীম ওসমান কোনো পরিকল্পিত উন্নয়ন না করায় এই ইউনিয়নে এবং সিটি করপোরেশনের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সূত্র আরো জানায় পানির স্বাভাবিক ধর্ম হলো উচু এলাকা থেকে নিচু এলাকা দিয়ে প্রবাহিত হয়ে নদীতে গিয়ে পড়বে।
সিটি করপোরেশনের গলাচিপা থেকে মাসদাইরের সিটি করপোরেশন অংশের পানি মাসদাইর এনায়েতনগর অংশের উপর দিয়ে কালিয়ানির খালে গিয়ে পড়ে এবং এই খাল দিয়ে প্রবাহিত হয়ে বুড়িগঙ্গায় গিয়ে পড়ার কথা। কিন্তু এই কালিয়ানির খালটি পুরোটাই রয়েছে শামীম ওসমানের এনায়েতনগর ইউনিয়নে। কিন্তু শামীম ওসমান এই খালটি রক্ষা করতে পারেননি। খালটির অধিকাংশই অবৈধ দখলদাররা দখল করে নিয়েছে। যার ফলে সিটি করপোরেশনেরর গলাচিপা, কলেজ রোড, জামতলা এবং মাসদাইর বাজার এলাকায় ভারি বৃষ্টিপাত হলে পানি জমে যায়।
তাই সিটি করপোরেশন মনে করে, এই খালটি দখল হওয়ার কারণেই সিটি করপোরেশনে একটি এলাকাতো বটেই বরং এনায়েতনগরের বড় একটি এলাকায় জলাবদ্ধতা হচ্ছে। তাই খালটি দখলদারদের হাত থেকে রক্ষা করতে না পারার দায় ওই এলাকার এমপি শামীম ওসমানের। অথচ এখন তিনি তার নিজের ব্যর্থতার দায় সিটি করপোরেশনের উপর চাঁপাতে চাইছেন। সিটি করপোরেশন সূত্র আরো জানায় এনায়েতনগর ইউনিয়নটি সিটি করপোরেশনের আওতায় নিয়ে উন্নয়ন করতে চান মেয়র আইভী। কিন্তু এতেও বাধা দিচ্ছেন সংসদ সদস্য শামীম ওসমান।
মূলত তার বাধার কারণেই এই ইউনিয়নটিকে সিটি করপোরেশনের আওতায় নিয়ে উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। আর এটা ভালোই বুঝেন এনায়েতনগর ইউনিয়নের জনগণ। তাই শামীম ওসমান এখন উদোর পিন্ডি বুদুর ঘাড়ে চাঁপাতে চাইছেন বলেই মনে করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।


