ডিএনডি প্রকল্পে ২৩০০ কোটি টাকার জমি উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১০:৪৯ পিএম
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার প্রায় ২০ লাখ মানুষের জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে ২০১৬ সালে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্প বাস্তবায়নে ২০১৭ সালের ৫ ডিসেম্বর কাজ শুরু করে সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। প্রথম দফায় অনুমোদনের সময় এ প্রকল্পের ব্যয় ৫৫৮ কোটি টাকা ধরা হলেও পরে ব্যয় বাড়িয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা করা হয়।
দ্বিতীয় পর্যায় প্রকল্পের ব্যয় ৭৪১ কোটি টাকা বাড়ানোসহ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২০২৩ সালের জুন মাস। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়লেও কমেনি মানুষের ভোগান্তি। প্রকল্প এলাকায় অনেক খাল ও সরকারি জমি উদ্ধার করা হলেও কিছু দখলদারদের মামলায়ও আটকে আছে এই প্রকল্প। ইতোমধ্যে সেনাবাহিনী পানি উন্নয়ন বোর্ডের ২ হাজার ৩৩৬ কোটি টাকা মূল্যের প্রায় ৪৮৫ একর জমি উদ্ধার করেছে। কিন্তু এখনো দখল আছে বহু জমি। এ রকম ৪০ স্থাপনা চিহ্নিত করেছে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ। এসব স্থাপনার মধ্যে আছে ক্ষমতাসীন দলের কার্যালয়, মসজিদ-মাদ্রাসা-মন্দির ও পেট্রোল পাম্প।
ডিএনডি প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে ৪ হাজার ৭২১ আবাসিক ভবন। এরমধ্যে ২ হাজার ৫৩১টি একতলা, ১ হাজার ৯৪৭টি দুই ও তিনতলা এবং ২৪৩টি ৪ এবং তারও অধিক তলবিশিষ্ট আবাসিক ভবন। আরও উচ্ছেদ করা হয়েছে ৫ হাজার ৪টি স্থায়ী-অস্থায়ী দোকানঘর, ৮৩টি কারখানা, ২টি মাজার ও মন্দির। তবে ঢাকা ও নারায়ণগঞ্জের ৪০ স্থাপনার কারণে বাধাগ্রস্ত ডিএনডি প্রকল্প। স্থাপনাগুলো হলো: শাহীবাজার এলাকায় শাহী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে আনন্দলোক উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়, হাজীনগর পূর্বপাড়া এলাকায় হাজী মোজাম্মেল আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, বুটমিল এলাকায় সখিনা খাতুন মেমোরিয়াল স্কুল, আদর্শবাগ এলাকায় রোকেয়া আহসান বিশ্ববিদ্যালয়, মৃধাবাড়ী এলাকায় মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জের সুমিল পাড়া এলাকায় সুমিলপাড়া প্রাথমিক বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ৯২নং জালকুড়ি প্রাথমিক বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে পূর্ব জালকুড়ি আরবান ¯øাম আনন্দ স্কুল (প্রাইভেট), কুতুবখালী এলাকায় কুতুবখালী উচ্চ বিদ্যালয়।
মসজিদের তালিকায় আছে ডেমরার সারুলিয়া এলাকায় বায়তুল আমান জামে মসজিদ, সারুলিয়া এলাকায় আলেপনগর জামে মসজিদ, রাণী মহল পশ্চিম সারুলিয়া এলাকায় বায়তুল আমান জামে মসজিদ, সারুলিয়া এলাকার পূর্ব বক্র নগরে বায়তুল ফালাহ জামে মসজিদ, সিদ্ধিরগঞ্জের কসুলবাগে নূরানী জামে মসজিদ, নারায়ণগঞ্জের উত্তর ভূইগড়ে বায়তুল সালেহ জামে মসজিদ, মাদানী নগর দক্ষিণ নিমাইকাশারী এলাকায় বায়তুল মামুন জামে মসজিদ, সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে জামিয়া আরাবিয়া জামে মসজিদ, উত্তর ভূইগড় এলাকায় আল আমিন জামে মসজিদ, পূর্বপাড়া হাজী নগর এলাকায় বাইতুচ্ছালাম জামে মসজিদ, বড়ভাঙ্গা রোড এলাকার হাজী নগরে বাইতুল্লাহ কাওছার জামে মসজিদ, সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডের বায়তুল জান্নাহ জামে মসজিদ, চিটাগাং রোডের হিরাঝিলের নয়াআটি এলাকার বাইতুল আমান জামে মসজিদ, মিজমিজি এলাকার মিজমিজি দক্ষিণপাড়া বড় মিনার মসজিদ, ফতুল্লা ৩নং গেইটের ফকির গার্মেন্টেস এলাকার ছিদরাতুল মুনতাহা জামে মসজিদ, ফতুল্লা ১নং গেইটের ফকির গার্মেন্টেস এলাকার বাইতুল নূর জামে মসজিদ, শনির আখড়া এলাকার মাসজিদূল মাদিনা জামে মসজিদ, দক্ষিণ কাজলা এলাকার বিশ্বরোড জামে মসজিদ।
মাদ্রাসার তালিকায় ডেমরা সারুলিয়া এলাকার দারুল কোরআন মহিলা মাদ্রাসা, ফতুল্লার মাহমুদপুর এলাকার দারুল সুন্নাহ মাদ্রাসা, বটতলা নিমাই কাশারী এলাকার বাইতুল কুরআন মাদ্রাসা, পূর্ব ডগাইর এলাকার জামিয়াতুল ওমর ফারুক (রাঃ) মাদ্রাসা, সাইনবোর্ডের মার্কাতুজতা হাফিজ মাদ্রাসা, পিলকুলি এলাকার মাখযানুস সুন্নাহ মাহমুদিয়া মাদ্রাসা। আছে পাগলা খাল নয়ামাটি এলাকার নয়ামাটি চিতাশাল এবং মন্দির। পেট্রোল পাম্পের মধ্যে আছে ছনটেক এলাকার ফাতেমা নাজ পেট্রোল পাম্প, পূর্বাচল পেট্রোল পাম্প ও যাত্রাবাড়ী এলাকার ক্যাবএক্স পেট্রোল পাম্প। আছে শনি আখড়া এলাকায় আওয়ামী লীগ অফিস, কোনাপাড়া এলাকায় পুলিশ ফাঁড়ি।


