Logo
Logo
×

বিশেষ সংবাদ

নিহতের পরিবার পাবে ২৫ হাজার, আহতরা ১০

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০৪:৩৬ পিএম

নিহতের পরিবার পাবে ২৫ হাজার, আহতরা ১০
Swapno

রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের পরিবার ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন। আর আহতরা পাবেন ১০ হাজার টাকা। 


 
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে এ ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী। হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখার পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

 

শামীম বেপারী বলেন, ‘যেহেতু মরদেহগুলো পুড়ে গেছে, তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। পরিচয় শনাক্তের পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। আর যারা আহত হয়েছেন তাদেরকে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ  দেয়া হবে।’

 

শুক্রবার বিকেল ৩টার দিকে ৫টি অ্যাম্বুলেন্সে করে কারখানার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা মরদেহগুলো ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে আসা হয়। প্যাকেটে ভরা মৃতদেহগুলো এক এক করে বের করে মর্গে হিমঘরে নিয়ে যাওয়া হয়। এর আগে নারায়ণগঞ্জে ঘটনাস্থলে সাংবাদিকদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ৪৯ মৃতদেহ উদ্ধার তথ্য জানান। তিনি বলেন, ‘পাঁচটি অ্যাম্বুলেন্সে করে আমরা ৪৯ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছি। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলের ওই অগ্নিকান্ডে কারখানা ভবন  থেকে লাফিয়ে পড়ে ওই সময় তিনজনের মৃত্যু হয়।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ছয়তলা ভবনের চতুর্থতলা পর্যন্ত প্রবেশ করা গেছে। সেখান থেকেই এতোগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে। ছয়তলা কারখানা ভবনের ওপরের দুই ফ্লোরে এখনো আগুন জ্বলছে। সেখানে আগুন নেভানোর কাজ চলছে এখনো। ধ্বংসস্তুপে তল্লাশিও এখনো  শেষ হয়নি।

 

এর আগে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নুসরাত জাহান জানান, কারখানার ভেতর থেকে অনেকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে শ্রমিকেরা ভবনের ছাদে জড়ো হন। ছাদসহ বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন অনেকে। এতে ওই রাতেই তিনজনের মৃত্যুর খবর জানানো হয়, আহতও হন অসংখ্য শ্রমিক।

 

ভবনের চতুর্থ তলায় ললিপপ, তরল চকলেট, তৃতীয় তলায় অরগানিক পানীয় (জুস, লাচ্ছি), দোতলায় টোস্ট বিস্কুট, বিভিন্ন ধরনের পানীয় এবং নিচতলায় বাক্স ও পলিথিন তৈরির কারখানা ছিল। পঞ্চমতলার একপাশে সেমাই, সেমাই ভাজার তেল, পলিথিন; অপর পাশে কারখানার গুদাম ছিল। কারখানার ষষ্ঠতলায় ছিল কার্টনের গুদাম। টানা ১৮ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকায় ভবনটিতে ফাটলও দেখা দেয়। 

 

আবদুল্লাহ আল আরেফীন বলেন, কারখানাটির ভেতরে বিভিন্ন রাসায়নিকসহ দাহ্যপদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে। ভবনটিতে ফাটল ধরায় আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হয়েছে। মো. আবদুল জলিল ও মো. আবু সামাদ নামের দুজন শ্রমিক জানিয়েছেন, আগুনে পুড়ে যাওয়া ভবনটিতে ১০০০-১২০০ শ্রমিক কাজ করতেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন