রূপগঞ্জে অগ্নিকান্ড: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০৫:২৯ পিএম
রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী।
তিনি বলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন রূপগঞ্জের ইউএনও, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক, পুলিশের একজন প্রতিনিধি, বিস্ফোরণ অধিদফতরের একজন প্রতিনিধি এবং কলকারখানা অধিদফতরের একজন প্রতিনিধি।’ তিনি আরও বলেন, ‘ওই ভবনের প্রতিটি ফ্লোরের আয়তন ৩৫ হাজার স্কয়ার ফিট। পঞ্চম ও ষষ্ঠ ফ্লোরে এখনো আগুন রয়েছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।’
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানাটির ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে শ্রমিকরা ভবনের ছাদে জড়ো হন। ছাদসহ বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন অনেকে। ভয়াবহ এ অগ্নিকা-ের ঘটনায় ৪৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। এছাড়া অগ্নিকান্ডের পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন।


