Logo
Logo
×

বিশেষ সংবাদ

রাজনীতিবিদদের ব্যর্থতায় সরব প্রশাসন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৭:১৩ পিএম

রাজনীতিবিদদের ব্যর্থতায় সরব প্রশাসন
Swapno

 # সরকারের পক্ষ থেকে আসা সহায়তা সিটি করপোরেশন ও উপজেলায় পৌঁছে দিয়েছি : ডিসি


ক্রমশই বাড়ছে করোনা রোগির সংখ্যা। ভয়াবহ হয়ে উঠা করোনার এই সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে দেশের অন্যান্য জেলার ন্যায় নারায়ণগঞ্জেও চলছে কঠোর লকডাউন। লকডাউনের ফলে পরিবহন শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পড়েছেন মহাবিপত্তিতে। অর্থ ও খাদ্য সংকটের খবর পাওয়া যাচ্ছে চারিদিক থেকে।

 

গত বছর সংকটে পড়া এসব মানুষের পাশে সমাজের বৃত্তবান, রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিরা সহায়তার হাত বাড়িয়ে দিলেও এবছর এখনো তা দেখা যায়নি। জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতারা চলতি লকডাউনে এখনো পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়াননি। তবে, কঠোর লকডাউনের ফলে কর্মহীন মানুষের জন্য বিশেষ সহায়তা দিয়েছে সরকার। যা বন্টন ও বিতরণ করে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

 

এই বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ দৈনিক যুগের চিন্তাকে জানান, ‘চলতি লকডাউনে সরকারের পক্ষ থেকে নারায়ণগঞ্জে সহায়তা প্রদান করা হয়েছে। ইতিমধ্যেই আমরা ৫০ লাখ টাকা ও চাল বরাদ্দ পেয়েছি। জেলা ত্রাণ ও পূনর্বাসন বিভাগের মাধ্যমে সরকারের পক্ষ থেকে গত সপ্তাহে এই সহায়তা এসেছে। ইতিমধ্যেই আমরা সিটি করপোরেশনে ২৫ লাখ টাকা এবং চাল দিয়েছি। আর সদর উপজেলাসহ নারায়ণগঞ্জের অন্যান্য উপজেলাগুলোতেও সরকারের এই সহায়তা প্রেরণ করা হয়েছে। নগদ টাকা ও চাল প্রদান করা হয়েছে।’  

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা দৈনিক যুগের চিন্তাকে জানান, ‘করোনার চলতি লকডাউনের মধ্যে অসহায় হয়ে পরা সাধারণ মানুষের খাদ্য নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে আসা ত্রাণ জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমাদের উপজেলায় প্রদান করা হয়েছে। নগদ অর্থসহ জিআর এর বরাদ্দকৃত চাউল পেয়েছি। আমরা অসহায় মানুষদের মধ্যে সরকারের এই খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছি। বিশেষ করে লকডাউনের কারণে যেহেতু পরিবহন সেক্টর বন্ধ আছে, সেহেতু পরিবহন সেক্টরের সাথে জড়িত বিপুল সংখ্যক চালক ও শ্রমিক শ্রেণির মানুষ সংকটে পড়েছে।

 

বিষয়টি মাথায় রেখে আমরা তাদের মাঝেও সরকারের এই সহায়তা প্রদান করে যাচ্ছি। এরই মধ্যে গতকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মহোদয় নিজ হাতে পরিবহন সেক্টরের ৫০০ শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। এছাড়া, ৩৩৩’র মাধ্যমে আমরা প্রতিনিয়তই সহায়তা প্রদান করে যাচ্ছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চালের পাশাপাশি নগদ অর্থ যেটা এসেছে তা দিয়ে আমরা এক কেজি করে আলু, ডাল, তেল, ও লবনসহ সাবানও বিতরণ করছি।’

 

বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘করোনার শুরু থেকেই আমরা সরকারের সহায়তা সাধারণ মানুষের মাঝে পৌছে দিচ্ছি। ৩৩৩’র মাধ্যমে সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া, চলতি লকডাউনের মধ্যেও জেলা প্রশাসন থেকে আমাদের বন্দর উপজেলায় নগদ অর্থ ও চাউল দেয়া হয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে অসহায় মানুষদের মাঝে তা পৌছে দিচ্ছি। করোনার কারণে অনেক শিক্ষকরাও দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়েছে। পরিবহন শ্রমিকসহ যাত্রা ও বাউল শিল্পীরাও কর্মহীন। সরকারের পক্ষ থেকে আসা সহায়তা তাদের মাঝেও প্রদান করছি। সাধারণ মানুষের জন্য আমাদের সহায়তা মূলক কার্যক্রম চলমান আছে।’

 

সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘করোনায় চলমান লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে আমাদের উপজেলায় ৫ লাখ ১০ হাজার টাকা এবং চাউল প্রদান করা হয়েছে। আমরা এগুলো অসহায় মানুষদের মাঝে বিতরণ করে যাচ্ছি। ৩৩৩’র মাধ্যমে যারা সহায়তা চাচ্ছেন তাদেরও সহায়তা করা হচ্ছে। শুধু লকডাউনের জন্যই নয়, আগে থেকেই আমরা সরকারের সহায়তা খাদ্য সংকটে পড়া মানুষের মাঝে বিতরণ করে যাচ্ছি।’

 

রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ-নুসরাত জাহান ও আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেনের সাথে যোগাযোগে চেষ্টা করা হলেও তাদের মুঠোফোনের সংযোগ পাওয়া যায়নি।

 

তবে সূত্রে জানা গেছে, অন্যান্য উপজেলার ন্যায় রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলাতেও পৌছেছে সরকারী সহায়তা। ৩৩৩’র মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান এবং প্রত্যক্ষ ভাবেও সহায়তা দেয়া হচ্ছে। তবে, সরকারের পক্ষ থেকে আসা এই সহায়তা নারায়ণগঞ্জের বিপুল সংখ্যক খেটে খাওয়া মানুষের জন্য পর্যাপ্ত কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। এক্ষেত্রে নারায়ণগঞ্জবাসীর প্রশ্ন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবীদদের ঘিরে। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারের সহায়তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হলেও চলতি লকডাউনে জনপ্রতিনিধি ও রাজনীতিবীদরা যেন গা ঢাকা দিয়েছেন। অথচ, বিগত সময়ে তারাই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রæতি দিয়েছিলেন। সময়ের শ্রোতে এই প্রতিশ্রুতি পরিণত হচ্ছে মিথ্যে আশ্বাসে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন