বাবাকে নিয়ে সাংবাদিক আফজাল হোসেন পন্টির আবেগঘন ষ্ট্যাটাস
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০৭:৪৫ পিএম
কবি আমজাদ হোসেন । নারায়ণগঞ্জের একজন প্রিয় মুখ। একজন শান্ত ও নিরহংকারী মানুষ । কখনো তিনি কারো সাথে কঠিন ভাষায় কথা বলেছেন এমন কোন লোক খুজে পাওয়া যাবে না । বহু গুনের অধিকারী ছিলেন তিনি। গত রোববার কবি আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না এলাহি রাজিউন। )
কবি আমজাদ হােসেনের সুযোগ্য পুত্র আফজাল হোসেন পন্টি। নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক । বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশন ও আজকের পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি । বাবা কবি আমজাদ হোসেনকে নিয়ে মঙ্গলবার ফেসবুকে আবেগঘন ষ্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক আফজাল হোসেন পন্টি।
নিচে হুবহু তুলে ধরা হলো:
আমার বাবার মৃত্যুতে সকলের ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপনে আমি আপ্লুত ও কৃতজ্ঞ। আমি আপনাদের সবার ভালোবাসার ঋণে ঋণী হয়ে গেলাম।ভালবাসার এই ঋণ যেন ভালবাসা দিয়েই শোধ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেন। আমার পিতা নির্লোভ, নির্বিবাদী, নিরহংকারী মানুষ ছিলেন। এটা তাকে যারা ৬০ বছর যাবৎ চেনেন তাদের স্বীকারোক্তি। ধনী পিতার সন্তান ছিলেন কিন্তু সম্পদের প্রতি ছিলেন আশ্চর্য রকমের নিরাসক্ত। শিল্প সাহিত্য আর বন্ধুদের নিয়ে কাটিয়েছেন জীবন। সেই শিল্প জগতের অর্জন নিয়েও ছিলেন নির্বিকার।
অনেকেই জানেন না কিংবদন্তী নির্মাতা ঋত্বিক ঘটকের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আমার বাবা ( তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রে)। আব্বু যখন প্রথম হৃত্বিক ঘটকের সাথে দেখা করেন তখন ঋত্বিক বলেছিলেন, “তুমি তো কবি, সিনেমা করার কষ্ট কি তোমার সইবে?” আব্বু সব কষ্ট সয়েছেন। এমনকি মৃত্যু শয্যায় থেকেও বলেছেন উনি ভাল আছেন। যেন তার কষ্টের কথায় তার সন্তানরা বিচলিত না হয়! নামকরা ব্যবসায়ী পিতার পুত্র হিসেবে সবার আশা ছিল উনি ব্যবসায়ী হবেন।অর্থ উপার্জন করবেন। কিন্তু অর্থ সম্পদ কোনদিন তাকে টানেনি। লক্ষ টাকার চেয়েও তার কাছে প্রার্থিত ছিল প্রিয় বোস কেবিনের এক কাপ চায়ের সাথে বন্ধুদের সাথে কাটানো কিছু সময়।
সম্পদের প্রতি আব্বুর এই বিরল নির্মোহ অভিব্যক্তি হয়তো অনেককেই হতাশ করেছে। বিশেষ করে আমার দাদা চাইতেন তার পরে তার বড় সন্তান ব্যবসায়ের হাল ধরুক। অথচ সেই সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স করা আমার বাবা বেছে নিলেন পাঠাগার, বই আর শিল্পের জগতকে। কিন্তু আব্বুকে নিয়ে আমার অহংকারের জায়গাটাও এটাই। কারণ সকল গাছ ফলবতী হয় না। কিছু গাছ শুধু ফুল ফোটায় আর সৌরভ বিলিয়ে যায় সকলের প্রতি। আমার আব্বু সৌরভ ছড়ানো এমনই ফুল ছিলেন। আপনারা দোয়া করবেন আল্লাহ্তায়ালা যেন সেই ফুলকে বেহেশতের বাগানে ঠাঁই দেন।


