ডিবি থেকে সরিয়ে নেয়া হয়েছে আলোচিত এডিসি সাকলায়েনকে
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ আগস্ট ২০২১, ০৬:৫০ পিএম
এ সময়ের সবচেয়ে বেশী আলোচিত পরীমনি কাণ্ডে সম্পৃক্ত থাকার ঘটনায় সরিয়ে নেয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম সাকলায়েনকে। শনিবার দুপুরে সাকলায়েনকে সংস্থাটির সবধরনের কার্যক্রম থেকে নিবৃত্ত করে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (দাঙ্গা দমন বিভাগ, পশ্চিম) বিভাগে বদলি করা হয়েছে।
এডিসি সাকলায়েনকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের এক আদেশে ডিবি থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (দাঙ্গা দমন বিভাগ, পশ্চিম) বদলি করা হয়। শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন।
গোলাম সাকলায়েনের সাথে পরীমনির ঘনিষ্ঠতা আছে বলে একটি গণমাধ্যমে খবর আসে। পরীমনির বাসায় সাকলায়েনের যাতায়াত ছিল বলে অভিযোগ ওঠে। তবে সাকলায়েন গণমাধ্যমের কাছে পরীমনির কোন সম্পর্ক ও যাতায়াতের বিষয়টি অস্বীকার করেন।
এর আগে বেসরকারি টেলিভিশন একাত্তরের সংবাদে জানানো হয়, গত ১ আগস্ট রোববার সকাল সোয়া ৮টার দিকে লাল রঙের টি-শার্ট পরিহিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা পরীমনির সাদা রঙের একটি হ্যারিয়ার গাড়ি থেকে নামেন। সে সময় পুলিশ কর্মকর্তাদের বাসভবনের নিচে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছ থেকে সেই কর্মকর্তা তার বাসার চাবি নিয়ে পরীমনিকে নিয়ে লিফটের মাধ্যমে তার বাসায় যান। তারা যাওয়ার পর পরীমনির গাড়ি থেকে একটি ট্রলি ব্যাগও ওই কর্মকর্তার বাসায় নিয়ে যাওয়া হয়।
আলোচিত সেই কর্মকর্তার নাম গোলাম সাকলায়েন এবং তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত বলে সেই সংবাদে জানানো হয়। রাজাবাগ অফিসার্স কলোনির মধুমতি ভবনে তার সরকারি ফ্ল্যাট। এ বিষয়ে পরে আরও বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনার পরই শনিবার দুপুরে ডিবির এডিসি সাকলায়েনকে বদলির আদেশ দেয়া হয়।


