বাড়তি ভাড়া নয়, আগের ভাড়ায়ই চলবে গণপরিবহন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ০৮:১২ পিএম
চলমান বিধিনিষেধ শিথিল করে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে গণপরিবহনগুলো যত আসন তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই পরিবহনে চলাচল করতে যাত্রীদের আর বাড়তি ভাড়া প্রদান করতে হবে না। এর আগে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে রোববার (৮ আগস্ট) এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু সমান সংখ্যক আসনে যাত্রী থাকবে, সেহেতু পরিবহনের বাড়তি খরচও হচ্ছে না। সে কারণে পূর্বের ভাড়া বহাল থাকবে। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, যেহেতু যত আসন তত যাত্রী সেহেতু আর বর্ধিত ভাড়া থাকবে না। আগের ভাড়ায় পরিবহন চলাচল করবে।
তবে নদী পথে লঞ্চ চলাচলের ক্ষেত্রে লঞ্চ কর্তৃপক্ষ এখনও নতুন কোনও সিদ্ধান্ত নেয়নি। তাদের মতে, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করবে সেহেতু বর্ধিত ভাড়া বহাল থাকবে। এ বিষয়ে নতুন করে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ট্রেনের ভাড়ার বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, রেলের ভাড়া কখনওই বাড়ানো হয়নি। অর্ধেক যাত্রী নিয়ে রেল চলাচল করার সময়ও পূর্বের ভাড়ায়ই মানুষ চলাচল করেছে। এখনও পুরোনো ভাড়াতেই রেল চলবে।
তবে আগে অর্ধেক টিকেট বিক্রি করে ট্রেন চালানো হতো কিন্তু এখন ফুল টিকিট বিক্রি করে চালানো হবে। মাস্ক ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, যদি কেউ এই আইন লঙ্ঘন করে, তাহলে তাকে রেল আইনে জরিমানা করা হবে।


