Logo
Logo
×

বিশেষ সংবাদ

লড়াই শিখেছি নেত্রীর কাছ থেকে : মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০৯:৪৩ পিএম

লড়াই শিখেছি নেত্রীর কাছ থেকে : মেয়র আইভী
Swapno

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়াই করা শিখিয়েছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। শনিবার (২ অক্টোবর) বিকেলে বন্দরে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় মুক্তিযোদ্ধা সিটি কমপ্লেক্স ভবন ও মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।



আইভী বলেন, ‘প্রতি বছর জাতিসংঘে যাচ্ছেন আর কোনো না কোনোভাবে পুরষ্কৃত হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। কখনো দেশের উন্নয়নের জন্যে, কখনা নারী ক্ষমতায়নের জন্যে। নারী ক্ষমতায়নের জন্যে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। আজকে প্রধানমন্ত্রীর জন্যেই সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলররা নির্বাচন করতে পারছে। ’৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন জননেত্রী শেখ হাসিনা প্রথমবারের মত এটা করেছিলেন। সেজন্যেই আজকে অনেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে এসেছেন এবং অনেকে স্বপ্ন দেখেন কাউন্সিলর হওয়ার জন্যে। আপনারা একটু তাকালেই দেখবেন যে সংসদে কত নারী সদস্য রয়েছে। এই নারীদের ক্ষমতায়ন করার জন্যে তিনি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। শত প্রতিবন্ধকতা সত্ত্বেও নেত্রী আমাকে লড়াই করা শিখিয়েছেন। তিনি শুধু নারী ক্ষমতায়নই না এর পাশাপাশি কর্মদক্ষতাও চান।’



তিনি আরও বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধাদের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে একটি করে রাস্তা তাদের নামে নামকরণ করা হচ্ছে। আরও ৪-৫ মাস আগে এক স্মারকলিপি আমাদের কাছে এসেছে। যার কাজ শুরু করেছিলাম সিদ্ধিরগঞ্জ দিয়ে, এরপর নারায়ণগঞ্জ এবং বন্দরের দিকেও তা করছি। তারই ধারবাহিকায় আজকের এই অনুষ্ঠান। স্কুল যেটি ভাঙ্গা হবে সেটি পরবর্তীতে আমাদের নিজস্ব জায়গায় এনে করে দিবো। আপনাদের ২১নং ওয়ার্ডে যত কাজ করা হয়েছে তা কিন্তু আপনাদের কাউন্সিলর সাহেব বলেছেন। প্রায় সব কাজ শেষ। কিছু কিছু বাকি আছে সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে।’



সিটি মেয়র বলেন, ‘একটু আগে আপনারা দাড়িয়ে নৌকা নৌকা বলে স্লোগান দিলেন। এখনো কিন্তু সময় হয়নি স্লোগান দেয়ার। আমাকে যখন মনোয়ন দিলে আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে স্লোগান দিবো। মনোনয়ন না দেয়া পর্যন্ত আমি আমার দলকে এবং দলের নেত্রীকে কোনোভাবেই বিতর্কিত করবো না। কারণ নারায়ণগঞ্জে যে বিশাল প্রতিপক্ষ আছেন সে আমার দলেরই, বিরোধী দলের না।’



তিনি বলেন, ‘দলে প্রতিযোগিতা থাকবেই। মনোনায়ন যাকে দিবে সে নির্বাচন করবে। যদি আমাকে দেয় তাহলে আমি আপনাদের কাছে আসবো। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসবো। আর যদি না দেয় তাহলে যাকে দিবে তার পক্ষে কাজ করবো। তখন আমাকে দলের শৃঙ্খলা মানতেই হবে। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমি মনোনয়ন পেতেই পারি। কারণ আমার এমন কোনো কর্মকান্ড ছিল না যা আমার দলকে বিতর্কিত করেছে।’ ‘আল্লাহ যেহেতু চেয়ারের মালিক। আল্লাহ যা করবেন তাই মেনে নিতে হবে। কিন্তু আমি আপনাদের পাশে আছি। আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই শেখ হাসিনার কর্মী হয়ে।’



স্থানীয় কাউন্সিলর হান্নান সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল লতিফ, নাসিকের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মো. সাগর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শিউলী নওশাদ, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এলিন, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আবদুল মোতালিব, শরীফ হিরা ও হিমেল খান প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন