নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ১৬ জানুয়ারি, ভোট ইভিএমে
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ০৫:৫৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। পুরো সিটি করপোরেশনের সব জায়গায় ইভিএমে ভোট হবে। মঙ্গলবার বিকেলে এই ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির বৈঠকে তফসিল চূড়ান্ত করা হয়।
সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। দোয়াত-কলম প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। এই নির্বাচনে পরাজিত হন শামীম ওসমান। ২০১৬ সালের ২২ ডিসেম্বর নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। বিএনপির প্রার্থী হিসেবে এড.সাখাওয়াত হোসেন মেয়দ পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটির ভোট হয়েছিল। প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে বর্তমান সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তাই মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের (১৮০ দিন) মধ্যে চলতি বছরের ১১ আগস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।


