Logo
Logo
×

বিশেষ সংবাদ

সোনারগাঁয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সেতুর একি হাল?

Icon

আশরাফুল আলম

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:০৬ পিএম

সোনারগাঁয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সেতুর একি হাল?
Swapno

শেরশাহ আমলে নির্মিত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বৈদ্যেরবাজার সেতুটির দুপাশের রেলিং এক যুগেরও বেশি সময় ধরে ভেঙ্গে পড়লেও মেরামতের কোন উদ্যোগ নেই। সেতুটির দুপাশের রেলিং না থাকায় প্রতিনিয়ত ঘটছে মর্মান্তিক দূর্ঘটনা।

 


স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মাত্র এক কিলোমিটার পূর্ব দিকে বৈদ্যেরবাজার লঞ্চঘাটের পাশে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উপর এ সেতুটি প্রায় ৪০ বছর আগে নির্মিত হয়। স্থানীয় এলাকাবাসীদের ভাষ্যমতে, এক যুগেরও বেশি সময় ধরে এ সেতুর দুপাশের রেলিং ভেঙ্গে পড়ে আছে।

 

বৈদ্যেরবাজার, উদ্ধবগঞ্জ ও সাহাপুর এলাকাবাসী সেতুর দুপাশের রেলিং মেরামত করার জন্য ১০ বছর ধরে সড়ক ও জনপথ অধিদপ্তরকে (সওজ)  লিখিতভাবে অনুরোধ করার পরেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন।

 


স্থানীয় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার জানান, ১২ বছরের বেশি সময় ধরেই এ সেতুর দুপাশের রেলিং ভেঙ্গে পড়ে আছে। সওজকে একাধিকবার লিখিতভাবে জানালেও তারা মেরামতের উদ্যোগ নিচ্ছে না। তিনি আরো বলেন, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কের এ সেতুটি ব্যবহার করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ বৈদ্যেরবাজার লঞ্চঘাট ব্যবহার করে মেঘনা নদী পথে পার্শ্ববর্তী কুমিল্লার মেঘনা, হোমনা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করে। এ সেতুর রেলিং ভেঙ্গে পড়ে থাকায় এই রাস্তায় চলাচল করতে গিয়ে দূর্ঘটনায় গত এক বছরে কমপক্ষে ২৫ জন মানুষ আহত হয়েছে।

 


গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিন সেতুর পাশে গিয়ে দেখা যায়, সেতুটিতে উঠা ও নামার সময় যানবাহান ধীরগতিতে চলছে। একটি সিএনজি চালিত অটোরিকশার চালক গহন আলী জানান, এ সেতুর উপর দিয়ে আমরা ঝুঁকি নিয়ে গাড়ী চালাই। সেতুর উপর দিয়ে যানবাহন চলার সময় চলাচলরত পথচারীরা ভয়ে আতঙ্কিত হয়ে উঠেন। কারণ রেলিং ধরে দাঁড়ানো যায় না।

 


এ ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সোনারগাঁয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বৈদ্যেরবাজার এলাকার সেতুটির দুপাশের রেলিং না থাকার বিষয়টি খোঁজখবর নিয়ে অবশ্যই মেরামত করার উদ্যোগ নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন