Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভাষার মাস : কথকতা, কতকথা

Icon

করীম রেজা

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৭ এএম

ভাষার মাস : কথকতা, কতকথা
Swapno

ফেব্রুয়ারি মাস এলে ভাষা প্রসঙ্গে যত কথাবার্তা লেখালেখি হয়, সারা বছরে কুল্যে মূল্যে তা হয় না। অবশ্য ফেব্রুয়ারি বিদায় হলে ভাষার কথকতাও অদৃশ্য নীরবতায় ঢাকা পড়ে যায়। ভাষা প্রীতি তথা মাতৃভাষা বাংলার প্রতি আন্তরিকতা আজকাল প্রায়ই আনুষ্ঠানিকতায় চর্চিত হয়।

 

অমেয় ত্যাগ-তিতিক্ষায় অর্জিত স্বাধীনতার পর পর আমাদের ভাষাকেন্দ্রিক স্বাজাত্য চেতনা সমুন্নত ছিল । দুঃখজনক হলেও বাস্তব সত্য, ভাষাভিত্তির উপর প্রতিষ্ঠিত আমাদের বাঙালি জাতি ভাবনা, দেশ-ভাবনা, রাষ্ট্র নির্মাণের মহান ঔজ্জ্বল্য কয়েক বছরের মধ্যেই ফিকে হয়ে ওঠে।

 

স্বাধীনতার অব্যবহিত পর আমাদের বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের নামকরণে সেই চেতনাবোধ সক্রিয়ভাবে প্রতিফলিত হয়। বিভিন্ন ব্যাংকের নাম, যেমন সোনালি, রূপালি, পূবালি, অন্যান্য প্রতিষ্ঠান যেমন পদ্মা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম প্রভৃতি উল্লেখযোগ্য। কিন্তু সাংঘর্ষিক এবং বিপরীত চিত্র দেখা যায় বর্তমানে।

 

নমুনা হিসেবে টিভি চ্যানেল, পোশাক শিল্প প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট প্রতিষ্ঠান অথবা রিয়েল এস্টেটের আধুনিক আবাসিক ভবনগুলোর নাম বিবেচনা করলেই এই বিপরীত চেতনার চরম রূপ সহজেই লক্ষ্য করা যায়। দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডেও এখন বাংলা বর্ণমালা গুরুত্ব পায় না।

 

অফিস-আদালতের দৈনিক ব্যবহারের কাগজপত্রেও বাংলা ভাষা প্রায় অচ্ছুৎ। আন্তর্জাতিক প্রয়োজন ছাড়াও স্থানীয় বা অভ্যন্তরীণ ব্যবহারিক ক্ষেত্রে দেখা যায় মুদ্রিত কাগজপত্রে কেবল ইংরেজি ভাষার প্রয়োগ । আছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ব্যবহার না করার প্রবণতা ।

 

আছে বাংলা মাধ্যমে পাঠ্যক্রম প্রণয়ন, ব্যবহার বা কার্যক্রম পরিচালনায় অনীহা। সরকারি পৃষ্ঠপোষকতায়ও কয়েকবছর যাবৎ চালু হয়েছে ইংরেজি ভার্সন নামে বাংলার সমান্তরাল লেখাপড়ার এক অদ্ভুত ব্যবস্থা। কথায় কথায় যদিও আমরা বিদেশের তুলনা দেই, বিদেশের উদাহরণ টেনে কথা বলি।

 

কিন্তু বিদেশি রাষ্ট্রের ভাষা প্রয়োগের বিষয়টি সচেতনভাবে এড়িয়ে চলি। চীন, জাপান, রাশিয়া, জার্মানি, স্পেন এর মত দেশ মাতৃভাষা সর্বস্তরে ব্যবহার করে বিশ্বজগতে কোনও ক্ষেত্রে পিছিয়ে আছে এমন নজির ইতিহাসে অনুপস্থিত। আমরা বাঙালিরা আন্তর্জাতিকতার দোহাই দিয়ে বাংলা ভাষা ব্যবহারে বিঘ্ন সৃষ্টি করছি।

 

উন্নয়নের অজুহাতে ভাষার ভিত্তি দূর্বল করে নতুন প্রজন্মের আত্মচেতনা সবল করা অসম্ভব। ভাষার মর্যাদা বাদ দিয়ে জাতির মর্যাদা বিশ্বসভ্যতায় প্রতিষ্ঠিত হয় না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন