চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে সিপিবি`র আহবান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৫ পিএম
গ্যাসের মূল্য বৃদ্ধির চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গতকাল চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্যাসের মূল্য বৃদ্ধির চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গতকাল চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির নেতা আ. হাই শরীফ, বিমল কান্তি দাস, শাহানারা বেগম, ইকবাল হোসেন, এম এ শাহীন ও শিশির চক্রবর্তী প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে শ্রমজীবি সাধারণ মানুষ চরম সংকটে দিনাতিপাত করছে। এই অবস্থায় গ্যাসের মূল্য বৃদ্ধি করা মানে মরার ওপর খাঁড়ার ঘা। জনগণের পকেট কেটে সরকারি লোকদের অর্থ উপার্জনের সুযোগ করে দেয়ার জন্য'ই মূল্য বৃদ্ধির পাঁয়তারা চালানো হয়েছে। অনৈতিক ভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনগণের ওপর চাপিয়ে দেয়া যাবে না।
জনগণকে সাথে নিয়ে মূল্য বৃদ্ধির চক্রান্ত রুখে দেয়া হবে। অবিলম্বে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি পাঁয়তারা বন্ধ করার আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ আরো বলেন- করোনা প্রতিরোধের কথা বলে সরকার বিধি-নিষেধ জারি করে রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করে রেখেছে। সরকারের এ নির্দেশনা জনস্বার্থে নয় সরকারের সুবিধার্থে। বিরোধী দল-মত ও গণবিক্ষোভ দমিয়ে রাখার কৌশল হিসেবে সরকার এ বিধি-নিষেধ জারি করেছে।
দেশের জনগণ এই ভাঁওতাবাজি মেনে নিবে না। তারা বলেন, আওয়ামীলীগ সরকার মানুষের ভোটাধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে। এখন জনতার আন্দোলন দমনে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে সিপিবি'র কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ সহ ৭ জনকে জেলখানায় পাঠিয়েছ।
এতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন জেল জুলুম দিয়ে জনতার আন্দোলন দমন করা যাবে না। গ্যাসের মূল্য বৃদ্ধির চক্রান্ত পরিহার করে নেতৃবৃন্দ অবিলম্বে জেলবন্দি সিপিবি নেতাদের মুক্তির দাবি জানান।


