বৃদ্ধ বাবাকে নির্যাতনের দায়ে দুই সন্তান কারাগারে
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৮ পিএম
৬৬ বছর বয়সী বৃদ্ধ শাহজাহান। সমাজের অন্যদের মতো তিনিও তাল মিলিয়ে টিকে থাকার লড়াই করেন। থাকেন ফতুল্লার রুশেন হাউজিং এলাকায়। সন্তাদের নিয়ে প্রতিটি বাবার নানান স্বপ্ন থাকলেও, শাহ জাহান মিয়া সেই স্বপ্ন পূরণ হয়নি। সমাজের ভালো মানুষের সাথে উঠা চলা থাকলেও, তার ২ ছেলে বেছে নিয়েছে ধ্বংসের পথ ‘মাদক’। তারই প্রেক্ষিতে ২ ছেলেদ্বারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতো স্বপ্ন হারা এই বাবা।
অবশেষে পথ খুঁজে না পেয়ে আইনের সহায়তা নেন বৃদ্ধ শাহজাহান। ফতুল্লা মডেল থানায় চলতি মাসের (৪ ফেব্রুয়ারি) ২ সন্তানের নির্যাতন ও মারধরের কথা প্রকাশ করে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন শাহজাহানের ছেলে নুরুল আমিন (৪৪) ও আবু সাঈদকে (৩৪) ।
এ ঘটনায় মামলার পরেই আসামীদের গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরদিন আসামীদের কোর্টে প্রেরণ করলে আদালত উভয়ের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬৬ বছর বয়সী শাহাজাহান মিয়ার ছেলে আসামী নুরুল আমিন ও আবু সাঈদ, দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য অকথ্য ভাষায় গালমন্দ করতো।
একপর্যায়ে টাকা দিতে অস্বীকার করলে বাবাকে মারধর করা শুরু করে তারা। কখনো টাকা দিতে অস্বীকৃতি জানালে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে জিনিসপত্র চুরি করতো। চলতি মাসের ৪ ফেব্রুয়ারি সকালে ফের মাদকের টাকা দিতে অস্বীকার করলে আসামীরা পিতাকে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় নীলাফুলা জখম করে।
একইসাথে বাসার আলমারীতে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে। এ বিষয়ে ভুক্তভোগী বাবা ও মামলার বাদী মো. শাহজাহান বলেন, আমাকে এতো অত্যাচার করছে আমি সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্ত হয়েছি। তারা আমাদের প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে।


