পূর্ব শত্রুতার জের ধরে শাহ আলম নামের এক শ্রমিককে হত্যা চেষ্টা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৮ পিএম
পূর্ব শত্রুতার জের ধরে শাহ আলম (৫৭) নামের এক শ্রমিককে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে প্রতিপক্ষ। এই ঘটনায় আহত শাহ আলম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। গতকাল সকাল দশটার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর পাড় সংলগ্ন এই ঘটনাটি ঘটে। আহত শাহ আলম দৈনিক যুগের চিন্তা প্রতিবেদককে জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাই ভাতিজাদের সাথে যুগের পর যুগ বিরোধ চলে আসছিল।
চাঁদপুরে পৈত্রিক সম্পত্তি থাকলেও তাদের জন্য সেখানে বসবাস করা যাচ্ছে না। পরিবার নিয়ে অনেক কষ্টে নারায়ণগঞ্জের আর কে মিত্র রোড নিমতলা এলকায় বাস করছি। গ্রামের এই সম্পত্তি তারা জবরদখল করে রেখেছে। গ্রামে গেলেই তারা দলবল নিয়ে তেরে আসে। গতকাল প্রতিপক্ষ ফারুক (৪৫), আব্দুল্লাহ (৫০), আলআমিন (২৫) গ্রাম থেকে নারায়ণগঞ্জে এসে মোবাইলে ফোন দিয়ে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শীতলক্ষ্যা নদীর পাড়ে।
প্রথমে তারা আমার কাছে পৈত্রিক সম্পত্তির দলিল চায়। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয় তাদের সাথে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুল্লাহ আর আলআমিন কাঠের ডাসা দিয়ে এলোপাথারি পিটাতে থাকে। এ অবস্থায় ফারুকের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার মাথাসহ শরীরে কোপাতে থাকে। হাত দিয়ে আত্মরক্ষা করতে গিয়ে হাতের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
এসময় আমার আত্মচিৎকারে লোকজন চলে এলে তারা পালিয়ে যায়। প্রতিপক্ষ আমাকে হত্যার উদ্যেশেই নদীর পাড়ে নিয়ে গিয়েছিল বলে পরে ফোনে হুমকি দিয়ে জানায়। এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার দারোগা মো. কামরুজ্জামান জানান, এখনো কাগজ হাতে পাই নাই। বাদীকে ফোন করে আসতে বলে ছিলাম তারা যোগাযোগ করেনি। দাবী যোগাযোগ করলে অবশ্যই প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


