Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাংবাদিক ছদ্মবেশে ফাঁসির আসামি ১৭ বছর পর গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৩ পিএম

সাংবাদিক ছদ্মবেশে ফাঁসির আসামি ১৭ বছর পর গ্রেফতার
Swapno

সাংবাদিক ছদ্মবেশে ১৭ বছর পলাতক থাকার পর হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. আশরাফ হোসেন ওরফে কামালকে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আশরাফ হোসেন নোয়াখালীর মৃত নুরুল গণির ছেলে।

 

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ এবং সংশ্লিষ্ট চার্জশিট পর্যালোচনায় জানা যায় যে, ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জেরে আশরাফ তার শিশুপুত্রের সামনে শ্বাসরোধ করে স্ত্রী সানজিদা আক্তারকে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনা গোপন করতে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে লাশ ঝুলিয়ে দেয় এবং প্রচার করে যে, তার স্ত্রী সানজিদা আক্তার আত্মহত্যা করেছে।

 

এ সংক্রান্তে অপমৃত্যু মামলা হয়। লাশের সুরতহাল শেষে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। ইতোমধ্যে ঘটনাটি সন্দেহমূলক হওয়ায় আসামীকে ফৌজদারী কার্যবিধি এর ৫৪ ধারা মোতাবেক গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তার ১২ দিন পর তার শশুরের সহায়তায় জামিনপ্রাপ্ত হয়। জামিন পাওয়ার পরপরই আত্মগোপনে চলে যায়।

 

এরপর কারো সঙ্গে আর যোগাযোগ করেনি। ঘটনার পর সে ছদ্মবেশে আশুলিয়ায় বসবাস শুরু করে এবং প্রথম স্ত্রীর ঘটনা গোপন করে পুনরায় ২য় বিয়ে করে। পাশাপাশি সাংবাদিকতা পেশাকে গ্রেফতার এড়ানোর ছদ্মবেশ হিসেবে বেছে নেয়। গ্রেফতারকৃত আশরাফ জানায়, আশুলিয়া এলাকায় সে ২০০৬ সালে সাপ্তাহিক মহানগর বার্তা এর সহকারী সম্পাদক হিসেবে যুক্ত হন। অতঃপর সে ২০০৯ সালে আশুলিয়া প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করে।

 

২০২০ সালে দৈনিক সময়ের বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করে। বর্তমানে সে স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছে। র‌্যাব আরও জানায়, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যা বিষয় নিশ্চিত হলে সোনারগাঁ থানা পুলিশ বাদী হয়ে আশরাফকে অভিযুক্ত করে একটি মামলা রুজু করে।

 

মামলার তদন্তে জানা যায়, আসামী মো. আশরাফ হোসেন প্রায়ই তার স্ত্রী সানজিদা আক্তার কে মারধর করতো। সার্বিক তদন্তে প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত নারায়ণগঞ্জ বিচার শেষে মামলার পলাতক আসামীকে দোষী সাব্যস্ত পূর্বক মৃত্যুদন্ডে দন্ডীত করার আদেশ প্রদান করেন।

 

র‌্যাব জানায়, গত ২১ ডিসেম্বর সোনারগাঁ থানা হতে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মো. আশরাফ হোসেন ওরফে কামাল(৪৭)কে গ্রেফতারের জন্য র‌্যাবের নিকট অনুরোধ করা হয়। এরই প্রেক্ষিতে আসামীকে গ্রেফতারের নজরদারী বৃদ্ধি করে র‌্যাব। সাইবার পেট্রলিং এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেফতারকৃত আসামীর ফুটপ্রিন্ট সনাক্ত করে।

 

অতঃপর মাঠ পর্যায়ে তথ্যের সঠিকতা যাচাই করে। শেষে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন