Logo
Logo
×

বিশেষ সংবাদ

অবৈধ ইটভাটা নিয়ে বিপাকে পরিবেশ অধিদপ্তর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৪:৪৪ পিএম

অবৈধ ইটভাটা নিয়ে বিপাকে পরিবেশ অধিদপ্তর
Swapno

# আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ ইটভাটাগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
# অবৈধ ইটভাটায় মাত্র চার অভিযান, অবৈধ ইটভাটা ১৬৭, বৈধ ৮৮

 

পরিবেশ দূষণ রোধে ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার (১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

 

আগামী ১৫ দিনের মধ্যে ঢাকাসহ আশপাশের পাঁচ জেলার অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে নারায়ণগঞ্জের ইটভাটাগুলোর হিসেব দিয়ে জেলা প্রশাসক মহামান্য হাইকোর্টকে জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা আছে ১৬৭টি, বৈধ ইটভাটার সংখ্যা ৮৮টি।
তবে জেলা প্রশাসকের দেয়া হিসেবের সাথে পার্থক্য আছে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের হিসেবে।

 

সেই অফিস সূত্রে জানা গেছে, জেলায় অবৈধ ইটভাটার সংখ্যা ১৭১টি আর বৈধ ইটভাটার সংখ্যা ১২৩টি।  পাঁচ উপজেলায় বৈধ অবৈধ ২৯৪টি ইটভাটা রয়েছে। তবে গত বছর এই সংখ্যা ছিল ৩৩৪টি। ২৯৪টি ইটভাটার মধ্যে বেশ কয়েকটি বন্ধ হয়ে গিয়েছে। এসব ইটভাটার মধ্যে ফিক্সড চিমনি ১২টি, জিকজ্যাক ২৭৬টি এবং অটো রয়েছে ৬টি।


অবৈধ ইটভাটার নাম ও অবস্থান জানা সত্ত্বেও এসব অবৈধ ইটভাটা বন্ধ করার জন্য প্রয়োজনীয় লোকবল নেই পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের। সর্বসাকূল্যে মাত্র ১৪ জনের টিম নিয়েই পরিবেশ অধিদপ্তরের সকল কার্যাবলী দেখভাল করতে হয়। তবে সংখ্যায় ১৪ জনের লোকবলের কথা হলেও কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা আরো কম।

 

বৃষ্টির কারণে গতবছর অভিযান অনেক কম হয়েছে। আর এবছর ফেব্রুয়ারিতে মাত্র চারটি অভিযান পরিচালনা করতে পেরেছে পরিবেশ অধিদপ্তর। এরমধ্যে ১ম অভিযানে ৫৫ লাখ, ২য় অভিযানে ১০ লাখ, তৃতীয় অভিযানে ১৪ লাখ  এবং চতুর্থ অভিযানে ৬ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করলেও একটিও অবৈধ ইটভাটা বন্ধ করতে পারেনি পরিবেশ অধিদপ্তর।


হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের অবৈধ ইটভাটাগুলো ১৫ দিনের মধ্যে বন্ধ করতে হবে। ইটভাটা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে আদালতে।

 

এব্যাপারে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন