বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কিশোরী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৪:৩৪ পিএম
আবারও শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তবে এবার একটি নয় একসাথে দুটি। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বন্দর সেন্ট্রালঘাট এলাকায় নদী পাড়ি দেওয়ার সময় বাল্কহেডের ধাক্কায় যাত্রীসহ নৌকা দুটি ডুবে যায়। এ ঘটনায় রাহিমা আক্তার নামের ১৭ বছরের এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে।
রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধারের জন্য ফায়ার ডিফেন্স এবং নৌ পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে। এ ঘটনায় পুলিশ বাল্কহেডটি জব্দসহ জাহাজের চালক ও লস্করসহ ৪ জনকে আটক করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিখোঁজের কোন খবর পাওয়া যায়নি। তবে রাত নয়টার দিকে কলেজ ছাত্রী রাহিমার নিখোঁজের সংবাদ পাওয়া যায়।
রাহিমার বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকায়। রোববার সকালে রাহিমার স্বজনরা শীতলক্ষ্যার বন্দর ঘাট এলাকায় তার সন্ধানের অপেক্ষায় থাকেন। রাহিমার চাচী জানান, আমার ভাসুরের মেয়ে রাহিমা শনিবার তার ভাইয়ের চিকিৎসার জন্য শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার আসছিল। নৌকায় রাহিমার সাথে তাদের পরিচিত আরও দুইজন (একজন পুরুষ ও একজন মহিলা) ছিল।
যারা নৌকা ডুবির পর অন্য নৌকায় উঠে রক্ষা পান। সেসময় রাহিমাও নৌকায় উঠার চেষ্টা করছিল। কিন্তু হঠাৎ করেই নৌকা থেকে লাফিয়ে আরও কয়েকজন তার উপর পড়ে, এবং রাহিমা ভেসে যায়। তারা বাড়িতে গিয়ে খবর দিলে স্বজনরা রাহিমার খোঁজে এখানে ছুটে আসেন।
এব্যাপারে নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, শনিবার বিকেলে বন্দর ঘাট থেকে দুটি নৌকা নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়া ঘাটের দিকে আসছিলো।
এসময় শীতলক্ষ্যা নদীর মাঝখানে যখন দুটি যাত্রীবাহী নৌকা অবস্থান করছিলো তখনই বাল্কহেডটি দুটি নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকা দুটি ডুবে যায়। এসময় আশপাশে থাকা নৌকা ও ট্রলার গিয়ে যাত্রীদের উদ্ধার করে। অনেকেই সাঁতরে তীরে উঠেছেন।


