মাহবুবুর রহমান মাসুমের বাড়ির সামনে বোমা হামলা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৯:২৩ পিএম
ত্বকী হত্যার বিচারের দাবিতে গত ৯ বছর ধরে সক্রিয় থাকা ত্বকী মঞ্চের যুগ্ম আহবায়ক অ্যাড. মাহবুবুর রহমান মাসুমের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বত্তরা। (১১মার্চ) রাতে তার শহরের আলম খান লেনের বাড়ির গেটে এই ঘটনাটি ঘটে।
এর আগের দিন বিকেলের দিকে ত্বকী হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. মাহবুবুর রহমান মাসুম। তিনি বক্তব্যের সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আপনি যত মিটিং আর সিটিং করেন, নারায়ণগঞ্জবাসীর মনে ত্বকী আছে। আপনি নাই। আপনি নরকের জঘন্য জীব।’ এর দুদিন আগেও বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন আরও সাহসী বেশ কিছু উচ্চারণ দিয়েছিলেন।
অ্যাড. মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খবরের পাতা পত্রিকার প্রকাশক ও সম্পাদক। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরেই আইনপেশার সাথে জড়িত। পাশাপাশি বিভিন্ন সামাজিক, নাগরিক ও অধিকার আদায়ের আন্দোলনে তিনি সক্রিয় ভ‚মিকা পালন করে থাকেন।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ক্ষমতাসীন দলের একটি অংশেল চক্ষুশূলে পরিণিত হয়ে আছেন অ্যাড. মাহবুবুর রহমান মাসুম। প্রায় সময় তাকে উদ্দেশ্য করে সাংসদ শামীম ওসমান ও তার অনুসারীরা তীর্যক মন্তব্য করে বক্তব্য রেখেছেন। ফলে ধারণা করা হয়ে থাকে, এই পক্ষটিই অ্যাড. মাহবুবুর রহমান মাসুমের প্রতি চরমভাবে ক্ষুব্ধ।
তবে, প্রবীন এই আইনজীবীর বাড়িতে কী কারণে, কে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া না গেলেও একটি সিসি টিভির ফুটেজে দেখা গেছে, একজন যুবক হেটে এসে মাসুমের বাড়ির গেটের সামনে কিছু একটা রেখে যাচ্ছেন। এর কিছুক্ষণ পরেই বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে, ওই যুবকটি কে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, অ্যাড. মাহবুবুর রহমান মাসুমকে ভয় দেখানোর জন্যই ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে একটি মহল।
নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। যেটি বিস্ফোরিত হয়েছে সেটি বোমা কি-না তা তদন্ত করে বলতে পারবো। অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ব্যাপারে মাহবুবুর রহমান মাসুম জানিয়েছেন, ‘ত্বকী হত্যার বিচারের জন্য যেদিন থেকে মাঠে নেমেছি ওইদিন থেকে মাহাবুবুর রহমান মাসুম মরে গেছে। আমার বাসায় বোমা হামলা করা হয়েছে।
এখানে দুঃখিত হওয়ার কিছুই নাই। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমাকে ভয় দেখিয়ে কোন লাভ হবে না। ওই সমস্ত মানুষকে আমরা পরোয়া করি না। আমি মনে করি একদিন না একদিন তাদের উপর আল্লাহর গজব নেমে আসবেই। সেদিন তারা কেউ বাঁচতে পারবে না।’
এদিকে শনিবার বন্দরে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শামীম ওসমান মাহবুবুর রহমান মাসুমের বাড়ি যে বোমা বিস্ফোরণ হয়েছে, সেটিকে তিনি ‘পটকা’র সাথে তুলনা করেন। একই মঞ্চে বক্তব্য রাখা মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাড. খোকন সাহা মাসুমকে তথাকথিত বুদ্ধিজীবী হিসেবে উল্লেখ করে বলেছেন, কে বা কারা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে, কাল থেকে দেখা যাবে এ নিয়ে আমাদের দোষারোপ করা হবে।
অন্যদিকে অ্যাড. মাহবুবুর রহমান মাসুমের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সংগঠনটি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবে।
সংগঠনটির সদস্য সচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করে লিখেছেন, দৈনিক খবরের পাতার সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহবায়ক এড. মাহাবুবুর রহমান মাসুমের বাসভবনে গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটায়। যে দুর্বৃত্তচক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে এখানে ভয়ের সংস্কৃতি তৈরীতে নিয়োজিত এ ঘটনা তাদেরই বলে আমরা মনে করছি। প্রশাসনের নির্লিপ্ততায় এ দুর্বৃত্তচক্র আজ বেপরোয়া।


