নারায়ণগঞ্জের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে : আইভী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৪:৪২ পিএম
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের বাড়িতে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, ‘এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
এই ধরনের কর্মকান্ড চলতে থাকলে নারায়ণগঞ্জের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। সুতরাং এই ধরনের পরিস্থিতি নারায়ণগঞ্জে চাই না। এই ধরনের কর্মকান্ডের সাথে কারা জড়িত তা স্পষ্ট। তাদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই। একই সাথে ত্বকী হত্যার বিচার দাবি জানাই।’
মেয়র আরও বলেন, ‘শহরে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গিয়েছে। প্রশাসনকে সতর্ক দৃষ্টিতে নেওয়ার আহ্বান জানাই। এই ধরনের ঘটনা ঘটিয়ে কারও কণ্ঠই রোধ করা যাবে না। আমরা আরও দ্বিগুণভাবে প্রতিবাদ জানাবো। একই সাথে আমরা মাসুম ভাইয়ের পাশে আছি।’
সাংবাদিক নেতার বাড়িতে বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীবৃন্দ। উল্লেখ্য, গত শুক্রবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।
আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার প্রতিবাদে সম্প্রতি বিভিন্ন সভা-সমাবেশে খুনিদের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন সাংবাদিক নেতা মাহবুবুর রহমান মাসুম। ঘটনাস্থল থেকে প্ল্যাস্টিকের বোতল ও লাল স্কচটেপ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। বিস্ফোরিত বস্তু ককটেল হতে পারে ধারণা তাদের।


