লঞ্চডুবির ঘটনায় জাহাজের চালকসহ ৮ জন তিনদিনের রিমান্ডে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৮:০১ পিএম
শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার আটজনেকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (২১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তরা হলো এমভি রূপসী-৯ নামের কার্গো জাহাজের প্রথম শ্রেনীর মাস্টার রমজান আলী, দ্বিতীয় শ্রেনীর মাস্টার নুরুল আলম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও মো. নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন ও ইয়াছিন মিয়া, গ্রিজার রিয়াদ হোসেন ও সুকানি জাহিদুল ইসলাম।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান তিনি বলেন, শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ৩ দিনের মঞ্জুর করেছেন।
এর আগে রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জগামী ‘আফসার উদ্দিন’ নামের লঞ্চটি ডুবে যায়। এতে সর্বশেষ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে চারজন।
এ ঘটনায় আটজনকে আসামি করে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। একটি নৌ থানায়, আরেকটি সমুদ্র পরিবহন অধিদপ্তরে। নৌ নিরাপত্তা উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ বাদী হয়ে মামলা দুটি করেছেন।


