শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃত্যু বেড়ে ১১
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৪:৪৯ পিএম
# উদ্ধার হয়েছে জাবের এবং শিশু আরোহীর মরদেহ
শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় শিশুসহ নিখোঁজ আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন একজন।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল আনুমানিক সাড়ে আটটার সময় মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে বেসরকারি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল্লাহ আল জাবের এবং বন্দর উপজেলার হরিপুর থেকে তিন বছরের শিশু আরোহীর লাশ উদ্ধার করা হয়। পরে বিকেলে বন্দর উপজেলার মদনগঞ্জ শাহ্ সিমেন্ট এলাকা থেকে মোসলেম উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও নৌ-থানা পুলিশ ও কোস্ট গার্ড কতৃপক্ষ জানিয়েছে, তালিকা অনুযায়ী আরও একজন নিখোঁজ রয়েছেন। তাদের লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত টহল ও তল্লাশি তৎপরতা চলবে। এদিকে দূর্ঘটনার পর থেকে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় টানা তিনদিন যাবত নিখোঁজদের সন্ধানে আহাজারি করছেন তাদের স্বজনরা।
তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় উদ্ধারকারী সংস্থাগুলোর উপর ক্ষোভ প্রকাশ করেন তারা। উল্লেখ্য, রোববার (২০ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার আল-আমিন নগর এলাকায় এম ভি রূপসী-৯ কার্গো জাহাজের ধাক্কায় এম এল আফসার উদ্দিন নামে একটি লঞ্চ ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে লঞ্চটি উদ্ধার করে শীতলক্ষ্যার পাড়ে আনা হয়। তবে লঞ্চের ভেতর কোনো মরদেহ পাওয়া যায়নি।


