Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রসঙ্গ : ‘আমি নারায়ণগঞ্জের ৫০ বছরের ইতিহাস জানি’

Icon

অমিত হাসান

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৬:৪৪ পিএম

প্রসঙ্গ : ‘আমি নারায়ণগঞ্জের ৫০ বছরের ইতিহাস জানি’
Swapno

সাম্প্রতিকালে (প্রায় দুই বছর ধরে) নারায়ণগঞ্জের একজন রাজনীতিবিদ হাতের সামনে মাইক পেলেই হুঙ্কার দিয়ে বলেন, আমি নারায়ণগঞ্জের রাজনীতির ৫০ বছরের ইতিহাস জানি। সময় হলে সব বলে দিব। ওই রাজনীতিবিদের ওমন বক্তব্যের পর আমিসহ নারায়ণগঞ্জের আমজনতা অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে সে কাঙ্খিত সময়টি আসবে।

 

কবে আমরা উনার জবানীতে নারায়ণগঞ্জের ৫০ বছরের রাজনৈতিক ইতিহাস জানতে পারব। কিন্তু আমাদের সেই রাজনীতিবিদ কি বলতৈ চান, কি বলবেন তিনি প্রশ্নটা এখানেই। প্রখ্যাত রাজনীতিবিদ লেখক আবুল মনসুর আহামেদ প্রজা বিরোধী আন্দোলন থেকে শুরু কওে ১৯৭৩ সনের জাতির জনক বঙ্গবন্ধুর শাসন আমল পর্যন্ত তার দেখা এবং সম্পৃক্ততা নিয়ে ‘আমার দেখা রাজনীতির ৫০ বছর’ নামে একটি অত্যন্ত সুপাঠ্য ও তথ্যবহুল গ্রন্থ প্রকাশ করেছিলেন।

 

নিঃসন্দেহে আবুল মনসুর আহমেদ সুসাহিত্যিক ছিলেন এবং তার লেখালেখির জন্য ১৯৬০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। দীর্ঘদিন পরে নারায়ণগঞ্জের একজন রাজনীতিবিদ যখন চিৎকার করে বলে আমি নারায়ণগঞ্জের ৫০ বছরের ইতিহাস জানি তখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি সেই ইতিহাস জানতে এবং শুনতে। প্রশ্নটি হল কি জানেন তিনি? কি বলতে চান?

 

বৃটিশ খেদাও আন্দোলন, ৪৭ এর দেশ বিভক্তির পর পাকিস্তানী স্বৈরশাসকের বিরুদ্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির যে গৌরবময় আন্দোলন এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সাহসী রক্তক্ষয়ী সংগ্রামে নারায়ণগঞ্জবাসীর রয়েছে এক উজ্জ্বল গৌরবময় ইতিহাস। ইতিহাসের পরতে পরতে বীর প্রসবিনি নারায়ণগঞ্জ জন্ম দিয়েছে অনেক সূর্য সন্তানদের।

 

পাশাপাশি এই দীর্ঘপথ  পরিক্রমায় লোভের বশীভূত হয়ে অনেক নায়কের পদস্থলন ঘটেছে। অনেককে বিশেষ সময় তাদের সুবিধাবাদী চরিত্রের কারণে ক্ষণিকের জন্য হলেও খল নায়কের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে।

 

আমাদের সেই নেতা তার ৫০ বছরের অভিজ্ঞতার বর্ণনায় সেই সুবিধাবাদী খলনায়কদের ভূমিকার কথা বলার সাহস রাখেন কি? উনি কি সাহস করে বলতে পারবেন ১৯৬৬ সনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ ছয় দফা ঘোষণা করলে কোন ব্যক্তি সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বকে অগ্রাহ্য করে তৎকালীন পাকিস্তানী সরকারের সুবিধা নেয়ার জন্য তথাকথিত পি.ডি.এম এ যোগ দিয়েছিলেন।

 

কারা সেদিন বঙ্গবন্ধুর ছয় দফাকে সামাজ্যবাদের দলিল হিসেবে আখ্যায়িত করেছিলেন। আমি জানি এসব ইতিহাসের কথা ওই রাজনীতিবিদ বলতে পারবেননা, জানলেও বলবেননা। ৫০ বছরের অভিজ্ঞ সে রাজনীতিবিদ কি বলতে পারবেন এক সময়ের বীর মুক্তিযোদ্ধা রব, শহীজান, ছাত্রনেতা রোকনকে কার ইঙ্গিতে পথের কাঁটা সরানোর জন্য হত্যা করা হয়েছিল?

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর কোন নেতা খুনি মোশতাকের আনুগত্য ও সহানুভূতি পাওয়ার জন্য ছোটাছুটি করেছিলেন। এদের নাম কি তিনি প্রকাশ করতে পারবেন? শুধু তাই নয়, জাতির জনকের হত্যাকাণ্ডের পর কোন স্বাধীনতা বিরোধী ব্যক্তির নেতৃত্বে সাবেক ভৌমিক মিষ্টান্ন ভাণ্ডার বর্তমানে দীপা সুইটস লুট করে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে উল্লাস করা হয়েছিল?

 

উল্লাসকারী সেই কুলাঙ্গারের নাম কি তিনি প্রকাশ করতে পারবেন? তিনি কি বলতে পারবেন ১৯৭৫এর ১৫ আগস্ট শোকাহত সেই দিনে নিউ মেট্রো সিনেমা হলের সামনে মানুষের মাঝে মিষ্টি বিতরণকারী সেই মানুষরূপী দানবের নাম। জানি পারবেননা। কারণ উনি আজকে যে কথাগুলি বলতে চাচ্ছেন সেই কথাগুলি ইতিহাসের কথা নয়, ফরমায়েশী কথা।

 

নারায়ণগঞ্জের সেই ৫০ বছরের ইতিহাস সমৃদ্ধ নেতা কি বলতে পারবেন ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত যেই নেতা বিদেশ বিভূয়ে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেছিলেন ২০০৯ সালে স্বদেশ প্রত্যাবর্তণের পর রাতারাতি সেই নেতা কীভাবে শত কোটি টাকার মালিক হলেন?

 

কোটি টাকার গাড়ি, বসুন্ধরা-গুলশানে ফ্ল্যাট, দেশে-বিদেশে (দুবাই, মালেয়শিয়া, কানাডায়) বাড়ি কোন আলাদিনের চেরাগের বদৌলতে এতো বিত্ত-বৈভবের মালিক হলেন তা বলতে পারবেন কি? জানি বলতে পারবেননা, কারণ আপনার বস আপনার মেমোরি কার্ডে যা ঢুকিয়ে দেন, এর বাইরে আপনি কিছুই বলতে পারেন না।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন