Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে আধুনিক গ্যাস লাইনে পরিণত  করা হবে : তিতাসের এমডি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৭:১০ পিএম

না’গঞ্জে আধুনিক গ্যাস লাইনে পরিণত  করা হবে : তিতাসের এমডি
Swapno

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লা বলেছেন, আমি এখানে আসছি একটি দাবি নিয়ে। আপনারা আপনাদের স্বার্থে আমাকে সহযোগিতা করেন, তিতাসকে সহযোগিতা করেন, আপনারা গ্যাস পাবেন। সহযোগিতা করার পর যদি গ্যাস না পান তাহলে সেই দায়িত্ব আমার। আগামীতে যদি আমি আবারও এখানে আসি তখন এই প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব।

 

তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগে যদি কোন অবৈধ অফিসারের নাম থাকে, তাহলে নির্ভয়ে আপনারা আমার কাছে প্রমাণ দেন। আপনারা দেখেন আমি তাকে ঠিক করতে পারি কি না। তিনি বলেন নারায়ণগঞ্জের গ্যাস লাইনকে আধুনিক গ্যাস লাইনে পরিণত করা হবে। আমরা একটি প্রজেক্ট নিচ্ছি, ঢাকা এবং নারায়ণগঞ্জের এই পাইপ লাইন পরিবর্তন করে বড় পাইপ লাইন বসাবো। গ্রাহক সেবার মানও আমরা উন্নত করব।

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর আঞ্চলিক বিপনন ডিভিশন নারায়ণগঞ্জ এর গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

এ সময় তিনি আরও বলেন, তিতাস হলো একটি সেবামূলক প্রতিষ্ঠান। তিতাসের কাজ বৈধ গ্রাহকদের দোরগোড়ায় গ্যাস পৌছে দেওয়া। গ্যাস আমরা কিনি না, গ্যাস কিনে পেট্রোবাংলা। বাংলাদেশে যে পরিমান গ্যাস সরবরাহ করা হয় তার ৬০ শতাংশ গ্যাস তিতাস সরবরাহ করে। বাকী ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করে অন্য ৫টি কোম্পানী মিলে।

 

তিনি বলেন, এখানে আপনারা অনেক ধরণের দাবি করেছেন, যেগুলো আমাদের ক্ষমতার বাইরে। কারণ, ইচ্ছা করলেই আমি গ্যাস আনতে পারি না। আমরা যতটুকু গ্যাস পাই তা যেন সুসম বন্টন হয় সেই চেষ্টা আমরা করি। গ্যাসের যদি ক্রাইসেস হয়, সেক্ষেত্রে আমাকে দোষ দিলে আমি কিছু করতে পারবো না। আপনারা অনেকেই দাবি করেছেন যে অবৈধ গ্যাস সংযোগগুলোকে বৈধ করে দেয়ার জন্য।

 

বৈধ করে দেওয়ার ক্ষমতা তিতাসের নাই, এই ক্ষমতা একমাত্র সরকারের। সরকার যদি বৈধ করে তাহলে আমরা গ্যাস লাগিয়ে দিব। সরকার যদি বৈধ না করে তাহলে আমাদের কিছু করার নেই। এখানে অনেকেই বলেছেন বৈধ না করলে এবং সংযোগ বিচ্ছিন্ন করলে মানুষজন রান্না করবে কোথায়, খাবে কি করে? সে বিষয়টা কিন্তু আমার দেখার কথা না।

 

গ্যাসতো আমাকে দাম দিয়ে কিনে আনতে হয়। আমাকে সরকার বলছে তুমি বৈধ গ্যাস দাও, বলেনি তুমি অবৈধ গ্যাস দাও। সরকার চালু করলে আমরা দিয়ে দিব।

 

দালাল মুক্তের বিষয়ে তিনি বলেন, দালাল মুক্ত হোক সেটা আমিও চাই। কিন্তু দালালমুক্ত করবে কে? ঠিকাদারদের কাছে কাজ না দেওয়া, ঠিকাদারদের কাছে কাজ তো আমরা দেই না। আপনারা দিয়ে দেন। ঠিকাদাররা আমাদের কাছে আসে না। তাদেরকে আপনারা কাজ দেন তাই সেই দায়িত্ব আপনাদের। তিনি বলেন, নারায়ণগঞ্জে আমাদের জায়গা আছে আমরা অফিস করব। ইনশাল্লাহ নারায়ণগঞ্জ বাসি তিতাসের বড় একটি অফিস পাবে।

 

তিনি আরও বলেন, এখানে এক ভাই বলেছেন, পাকিস্তানী আর্মিদের যেভাবে ভয় পাইতাম তিতাসকেও তেমন ভয় পাই। এর কারণ কি প্রশ্ন করে তিনি বলেন, তিতাসকে ভয় পান কেন? তিতাস কি আপনাকে মারতে যায়? তিতাস আপনার কাছে ঘুষ চাইতে যাইতে পারে। ঘুষ দেন কেন আপনি! টাকা দেন কেন আপনি? চোরদের শায়েস্তা করেন। ওনাদের নাম দেন আমাকে।

 

ভয়ের কোন কারণ নাই। একটা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন আরেকটা যুদ্ধ করে দুর্নীতি মুক্ত করেন। নারায়ণগঞ্জবাসির কাছে আমার অনুরোধ এভাবে যদি অবৈধভাবে গ্যাস নিয়ে যায় তাহলে আপনার কি গ্যাস পাবেন। গ্রামের পর গ্রাম অবৈধ গ্যাস নিয়ে যাচ্ছে। আমরা কাটতেছি। মহিলারা পর্যন্ত চলে আসে আমাদের মারপিট করার জন্য। বলেন, কোন দেশে আছি আমরা? আপনারা আমাকে সহযোগিতা করেন, দেখবেন এই নারায়ণগঞ্জ দুর্নীতি মুক্ত হবে। আপনারা গ্যাস পাবেন।

 

তিতাস এর মহাব্যবস্থাপক (জিএম প্রশাসন) মুনির হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিএম প্রকৌশলী মো. গোলাম ফারুক, ডিজিএম প্রকৌশলী মো. সুরুয আলম, প্রকৌশলী শাহাদাৎ হোসেনসহ তিতাস এর কর্মকর্তাবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন