নারায়ণগঞ্জকে সাবলম্বী অবস্থানে নিয়ে যেতে চান মেয়র আইভী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৮:২২ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। যাতে ভবিষ্যতে অনুদানের টাকা নারায়ণগঞ্জে আসলে বলতে পারি, এই টাকা অন্য জায়গায় দেও, আমরা সাবলম্বী হয়েছি। আমরা নারায়ণগঞ্জকে সাবলম্বী অবস্থায় দেখতে চাই।’
রোববার (২৭ মার্চ) দুপুরে নগরীর শায়েস্তা খাঁ সড়কে সরকারি গণগ্রন্থাগারে রেড ক্রিসেন্টের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় কোভিডে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় মেয়র আইভী আরও বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে সেবামূলক কাজ করে। রেড ক্রিসেন্টও এর ব্যতিক্রম নয়। যে যেখানে থাকি না কেন সেখানে থেকেই দেশসেবা করছি। আমরা ড্রেন করে দিচ্ছি, রাস্তা করছি, স্কুলের অবকাঠামোগত উন্নয়ন করছি। আমরা ইউকে-এইড ও ইউএনডিপি নিয়ে কাজ করি।
নারী উন্নয়নে অনেক কাজ করেছি। ট্রেনিং দেওয়ার মতো কর্মসূচি থাকলে সেগুলো করার জন্য রেড ক্রিসেন্টকে অনুরোধ করছি। নারীদের এইসব কাজে সুযোগ করে দিবেন। নারীরাও কিন্তু এখন গাড়ি চালানো শেখে। বাস, অ্যাম্বুলেন্স, ট্রেন চালাতেও পারে নারী। সাহস থাকলে সব কাজ করা যায়। কাজ করার মানসিকতা রাখতে হবে।’
তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ করি। ১৯৭৫ সালে আমরা সপরিবারে তাকে মেরে ফেলেছি। তিনি বেঁচে থাকলে আমাদের দুরাবস্থা হতো না। তাঁর দূরদর্শী নেতৃত্বে অনেক দূর এগিয়ে যেতাম। তারপরও তাঁরই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ছুটি ও ভাতা দিচ্ছেন।
বাচ্চাদের লেখাপড়ার খরচ দিচ্ছেন, স্কুলে বেতন দিতে হচ্ছে না। অনেক স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন তিনি। মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করেছেন। কোভিডকালীন সময়ে প্রচুর চাল-ডাল-তেল ও নগদ টাকা দেওয়া হয়েছে।’
আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ একটি ছোট শহর হলেও খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী আমরা। কিন্তু এই জেলায় বাকি ৬৩ জেলার মানুষের বসবাস। কোভিডের সময় এই নারায়ণগঞ্জ হটস্পট ছিল। গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির নিম্ন আয়ের মানুষ বসবাস করে। ভাসমান মানুষ অনেক। এই ভাসমান মানুষদের নিয়ে চিন্তা করতে হবে। এদের স্থায়ী ব্যবস্থা করতে হবে। আমরা নিজেরাও বিভিন্ন প্রকল্পের আওতায় তাদের জন্য কাজ করছি।’
সিটি মেয়র বলেন, ‘মানবসম্পদকে দক্ষ করতে হবে। এদের দক্ষ করতে যা করার তাই করতে হবে। বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করে দিয়েছেন। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন। তাকে সহযোগিতা করে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। নারী জাগরণে শেখ হাসিনা যে ভূমিকা রেখেছেন তা কেউ করেনি।
দারিদ্র্য বিমোচনে, নারী উন্নয়নে অনেক কাজ করেছেন তিনি। টিসিবির পণ্যের ব্যবস্থা করেছেন শেখ হাসিনা। কিন্তু অনেকে নেত্রীর কথা বলে না। আমরা মেয়র-কাউন্সিলর হয়েছি সরকারের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য। সবকিছুই দিচ্ছে সরকার। বিভিন্ন জায়গায় নিজেরা নিজেরা ক্রেডিট নেয় অথচ দিচ্ছে বাংলাদেশ সরকার। আমি আইভী আপনাদের এক কেজি চালও দেই নাই। যত চাল, ডাল পেয়েছেন সব দিয়েছেন শেখ হাসিনা। আপনারা তার জন্য দোয়া করবেন।’
জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূর উর রহমান, ব্রিটিশ ক্রসের প্রতিনিধি আশিষ কুমার কুন্ডু, রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালক ইকরাম ইলাহী চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান, সেক্রেটারি আব্দুর রহমান লিটন, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন চুন্নু, সাবেক সাংসদ হোসনে আরা বাবলি,
বীর মুক্তিযুদ্ধা আব্দুল কাদির, অ্যাডভোকেট জাকির হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন, অ্যাডভোকেট আব্দুর রহিম, এডভোকেট নবী হোসেন, ব্রিটিশ রেডক্রস প্রতিনিধি মো কামরুল হাসান, সহকারী পরিচালক মো. শাহজাহান সাজু, নারায়ণগঞ্জের ইউনিট অফিসার কাওছার আহমেদ ও কার্যনির্বাহী সদস্য ও সাবেক যুব প্রধান তাহের উদ্দিন আহমেদ সানি।


