# স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও দাবি জানাবো : শাহ আলম
# এরকম কর্মকাণ্ডে আমরা চরম হতাশ, ক্ষুব্ধ, দুঃখিত, ব্যথিত : এড. দিপু
ত্বকী হত্যার বিচার নিয়ে গত ১১ মার্চ শহীদ মিনারে উত্তপ্ত বক্তব্য দেয়ার কয়েকঘন্টার মধ্যেই আইনজীবী ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুমের বাড়ির গেটে বোমা হামলার ঘটনা ঘটে। এঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় দাবি জানিয়ে আসছে সাংবাদিক ও আইনজীবীরা।
এমনকি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকরা প্রশাসনকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বোমা হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এদিকে প্রায় তিনশোর বেশি আইনজীবী একই দাবিতে নারায়ণগঞ্জ আদালতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। তবে এতোকিছুর পরও প্রশাসন এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেননি।
এব্যাপারে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম যুগের চিন্তাকে বলেন, রমজানকে কেন্দ্র করে রাজপথের আন্দোলনে আমরা আপাতত যাচ্ছিনা। প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ র্যাব-১১’র অধিনায়কের কাছে সৌজন্য স্বাক্ষাত করে এই বিষয়টি নিয়ে কথা বলবো। এব্যাপারে ডিসি, এসপির সাথেও সরাসরি কথা বলবো। এরপরেও যদি কোন সুরাহা না হয়, তবে মাননীয় স্বরাষ্টমন্ত্রীর সাথে স্বাক্ষাৎ করে এব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানাবো। তার মাধ্যমেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন জানাবো।
একই বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু জানান, দুই একদিনের মধ্যে আমরা নিজেরা বসেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পরবর্তী কর্মসূচি দেব। আমরা আইনশৃঙ্খলাবাহিনীর এরকম কর্মকাণ্ডে চরম হতাশ,ক্ষুব্ধ, দুঃখিত, ব্যথিত।
একজন সিনিয়র আইনজীবী এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একজন সজ্জন ব্যক্তির বাড়িতে বোমা হামলা হয়, ভিডিও ফুটেজে কীভাবে ঘটছে, কে করছে তাও দেখা যায় এতো প্রমাণ থাকার পরও আসামিকে ধরতে ব্যর্থ হয়, এটা খুবই দুঃখজনক। আমরা ক্ষোভ প্রকাশ করছি । আবারো আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আসামিকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানাই। ন্যায় বিচার পাওয়ার জন্য যা যা করার দরকার আমরা সেটি করবো।


