Logo
Logo
×

বিশেষ সংবাদ

লাঙ্গলবন্ধ স্নানে সতর্ক থাকতে হবে : সেলিম ওসমান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৭:৪১ পিএম

লাঙ্গলবন্ধ স্নানে সতর্ক থাকতে হবে : সেলিম ওসমান
Swapno

করোনা মহামারীর নিষেধাজ্ঞার কারণে ২ বছর পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান।  বুধবার (৩০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদ ও হিন্দু নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে উক্ত স্নান উৎসব সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আগামী ৮ এপ্রিল রাত সাড়ে ৯টা থেকে ৯ এপ্রিল রাত ১১টা পর্যন্ত পূণ্যস্নান অনুষ্ঠিত হবে। আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। উৎসবে আগত পূণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে যাতায়াতের জন্য উৎসবস্থলে এবার মেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

 

যাতায়াতের রাস্তার দুপাশে কোন প্রকার দোকানপাট না বসার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও সেবা ক্যাম্পগুলো একটি নির্দিষ্ট নিয়মের ভেতরে থেকে পরিচালনা করতে অনুরোধ করা হয়েছে। উৎসবস্থলে নিরাপত্তার স্বার্থে বসানো হবে সিসি টিভি ক্যামেরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে থাকবে পুলিশ আনসার সহ অন্যান্য সদস্যরাও।

 

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি এবং হিন্দু সংগঠনগুলোর পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। তিনি বলেন, কয়েক বছর পূর্বে লাঙ্গলবন্দ স্নান উৎসব চলাকালে একটি দুর্ঘটনায় ১০ জন মানুষের প্রাণহানীর ঘটনা ঘটে।

 

পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাঙ্গলবন্দকে তীর্থস্থানের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেন। ইতোমধ্যে উন্নয়নের কাজ শুরু হয়েছে। কিন্তু করোনার কারণে উন্নয়ন কাজ আটকে যাওয়ায় আজকে আমাদের আলোচনায় বসতে হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে লাঙ্গলবন্দ স্নান নিয়ে আমাদের আর আলোচনায় বসার প্রয়োজন পড়বে না।

 

ওই বছর দুর্ঘটনাটি ঘটে ছিল একটি গুজবকে কেন্দ্র করে। তাই সর্তক থাকতে হবে। কেউ যেন কোন অবস্থায় কোন গুজব ছড়াতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। লাঙ্গলবন্দ স্নানে দেশের বাইরে থেকেও অনেক পূণ্যার্থী আসে। হয়তো এই বছরটা একটু কষ্ট হবে। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষ। সকলে মিলে তাদেরকে সহযোগিতা করলে আশা করি তেমন কোন সমস্যা থাকবেনা।

 

সম্প্রতি একটি ঘাট ভেঙ্গে ফেলা নিয়ে সৃষ্ট হওয়া বিশৃঙ্খলা নিরসনে তিনি বলেন, ঘাটটি কে বা কারা ভেঙ্গে ফেলেছে এটা আপনারা নেতৃবৃন্দরা কেন আগে অভিযোগ করলেন না। ঘাটটি যেই ভেঙ্গে থাকুক সেটি মেরামতের ব্যবস্থা করতে হবে। এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা সরকারী সম্পত্তি। সমাধান না হলে সরকারী ভাবে মামলার ব্যবস্থা করা হবে।

 

এছাড়া নদের কচুরি পানা পরিস্কার সহ অন্যান্য ছোট খাট যেই সমস্যা গুলো রয়েছে তা সমাধান করে দেওয়া হবে। প্রয়োজনে জেলা প্রশাসক সাহেব আগামীকাল সেখানে সরেজমিনে পরিদর্শনে করে যা করা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহন করবেন।

 

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বন্দর উপজেলার চেয়ারম্যান এমএ রশিদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খোদা প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন