প্রথম রোজায় ইফতার কিনতে ক্রেতাদের উপচেপড়া ভিড়
মেহেদী হাসান
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৫:৪২ পিএম
রোজার প্রথম দিনে নগরীর বিভিন্ন অভিজাত হোটেল-রেস্তোরাঁয়, পাড়া-মহল্লার অলিগলিতে জমে উঠেছে ইফতার বাজার। গতকাল রবিবার মাহে রমজানের প্রথম দিনে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন স্থানে দোকানিরা বিক্রির জন্য বিভিন্ন রকমের ইফতার নিয়ে সাজিয়ে বসেন। আর এসব দোকান থেকে ইফতার কেনার জন্য ক্রেতাদের ছিল অনেক ভিড়।
বাড়িতে বাহারি ইফতার তৈরি করলেও বেশিরভাগ মানুষ ইফতার কিনতে ভিড় করেন ইফতারের দোকানগুলোতে। গত দুই বছর করোনা মহামারির কারণে সরকারি বিধিনিষেধ থাকায় ইফতারির দোকান তেমন একটা বসতে পারেনি। কিন্তু এবার সীমাবদ্ধতা না থাকায় ফুটপাত থেকে আরম্ভ করে অভিজাত হোটেল-রেস্তোরাঁয়গুলোতে দোকানিরা বসেছেন নানা রকমের ইফতার নিয়ে।
নগরীর ২নং রেল গেট এলাকাস্থ মনির রেস্তোরাঁয় ঘুরে দেখা যায়, আলুর চপ, ডিম চপ, পেঁয়াজু, বেগুনি, বুট, টিক্কা কাবাব, জালি কাবাব, নূর জাহান কাবাব, চিকেন রোল, চিকেন রেশমি কাবাব, সুতি কাবাব, ঘিয়ে ভাজা বোম্বে জিলাপি, তেহারি, ফালুদা,
খাসির ফরওনা রোস্ত, আস্ত মুরগির রোস্ট, গিরিল, বরহানি, হালিম সহ বিভিন্ন রকমের মুখরোচক খাবার। এসব খাবার নগরীর বিভিন্ন দোকানগুলোতে ভিন্ন রকম দামে বিক্রি হচ্ছে। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি প্রতি পিস ৫ থেকে ৭ টাকা করে বিক্রি হচ্ছে।
টিক্কা কাবাব, জালি কাবাব, নূর জাহান কাবাব ও চিকেন রোল প্রতি পিস ৫০ টাকা কবরে বিক্রি হচ্ছে। খাসির ফরওনা রোস্ত ৮০০ ও ছোট পিস ৪০০টাকা, জিলাপি মোটাটা (বোম্বায়) ১৬০টাকা, চিকন জিলাপি ২২০, ফিননি প্রতি পিস ৫০ টাকা, বরহানি ১৪০ টাকা লিটার, বুট ১৬০ টাকা কেজি, হালিম বক্স ৩০০ থেকে ৮০০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও ইফতারে ফলের দোকানগুলোতে রয়েছে খেজুর, আপেল, মালটা, আনারস, বাঙ্গি, তরমুজসহ বিভিন্ন ধরনের ফল।


