শহরে হার্ডলাইনে পুলিশ, নিষিদ্ধ ব্যাটারিচালিত অটো ঢুকলেই জব্দ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০৫:৩৪ পিএম
নারায়ণগঞ্জ শহরবাসীকে পুরো পবিত্র মাহে রমজান মাসেই সড়কে যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষ্যেই শহরকে যানজটমুক্ত রাখতে হার্ডলাইনে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ। কারণ শহরের যানজটের মূল্যেই হলো নিষিদ্ধ ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকশা। এবার শহরকে যানজট মুক্ত থাকতে শহরের গুরুত্বপূর্ণ সড়কের সাতটি পয়েন্টে হার্ডলাইনে ট্রাফিক পুলিশ।
নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিকশা শহরে ঢুকলেই জব্দ। প্রতিটি পয়েন্টেই কঠোর অবস্থান নিয়েছে ট্রাফিক পুলিশ ও কমিনিউটি পুলিশের সদস্যরা। বুধবার (৬ এপ্রিল) সকাল থেকেই শহরের চাষাঢ়া চত্ত্বরের আশপাশের সড়কগুলোতে, মেট্রো হলের মোড়, কালীরবাজার, ২নং রেল গেইট, জিমখানা, নিতাইগঞ্জ মোড়ে হার্ডলাইনে ছিলেন ট্রাফিক পুলিশ।
পাশাপাশি রমজানে যানজট নিরসনে নিয়োজিত কমিনিউটি পুলিশের সদস্যরা সহযোগিতায় ছিলেন। এসময়ে কোনো ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করতে চাইলে ফিরিয়ে দেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও কমিনিউটি পুলিশের সদস্যরা। আর ব্যাটারি চালিত কোন অটোরিকশা-ইজিবাইক শহরে প্রবেশ করলেই তাদেরকে আটক করা হচ্ছে।
এবিষয়ে চাষাঢ়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ( টিআই) ইন্সপেক্টর শেখ মো. ইমরান হোসেন বলেন, পবিত্র মাহে রমজানে জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপারের নিদের্শে শহরে যানজটমুক্ত করার লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
এসময় শহরে নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক প্রবেশ নিষিদ্ধ। শহরে কোন অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে দেয়া হবে না। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে, শহরকে যানজটমুক্ত রাখাই আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়মিত কার্যক্রম পরিচালিত করছি।


