Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বিভিন্ন মহল্লায় কিশোর গ্যাং বেপরোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৪:৩০ পিএম

নারায়ণগঞ্জে বিভিন্ন মহল্লায় কিশোর গ্যাং বেপরোয়া
Swapno

শিশুশিল্পী আহমেদ অনন্ত শাহ্কে হত্যা চেষ্টার প্রতিবাদে ও হত্যাচেষ্টার মূল আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে জেলা খেলাঘর আসর। মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জে বিভিন্ন মহল্লায় কিশোর গ্যাং বেপরোয়া। নারায়ণগঞ্জে কিশোর গ্যাং তৈরীর জন্য একটি সহায়ক পরিবেশ তৈরী হয়েছে। এদের বিরুদ্ধে এখই কার্যকর সমন্বিত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

 

নইলে পরিস্থিতি আরো খারাপ হবে। আহমেদ অনন্ত শাহ্ ‘মাত্রা’ প্রোডাকশন হাউজের অভিনেতা আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাকড়া’ টেলিফিল্মসহ বিভিন্ন নাটকে অভিনয় করেছে। সে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজের ছেলে। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্র।

 

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়। জেলা খেলাঘরের সহ-সভাপতি এডভোকেট আওলাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত,

 

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ, জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান শ্যামল, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু,

 

সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শাহীন মাহমুদ, মহিলা পরিষদের নেত্রী ও অনন্ত শাহ্’র ফুপু নীলা আহমেদ নিশি,খেলাঘরের রুপগঞ্জ উপজেলার সভাপতি সালেহ আহমেদ, রুপসী বাংলা খেলাঘরের সভাপতি রফিক হোসেন, অগ্নিকন্যা খেলাঘরের সভাপতি সুরাইয়া আক্তার,  ক্রান্তি খেলাঘরের মামুন ভূইয়া, যুব ইউনিয়নের সাধারন সম্পাদক শিশির চক্রবর্তী।


বক্তব্যে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি বলেন, কিশোর গ্যাং এর পেছনে রয়েছে বড় ভাইরা। বড় ভাই সে সমাজে থাকে যে সমাজ দুবৃত্তদের ছত্রছায়ায় নিয়ন্ত্রিত। সহায়ক পরিবেশের কারনে কিশোর গ্যাংয়ের কারখানায় পরিণত হয়েছে।

 

আব্দুর রহমান পল্টু নামের যে ছেলেটি অনন্তকে ছুড়ি দিয়ে আঘাত করলো সে কিশোর নয় সে বড় ভাই। তাকে দ্রুত গ্রেফতার করতে হবে। মূলত একটি কথা আমরা বলি বা শুনি যে আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ। যদি তাই হয় তাহলে আগামী দিনের বাংলাদেশ প্রাণ সংহারের ভয়ে ভীত, পথে বের হতে সন্ত্রস্ত, হামলাকারির ভূমিকায় উদ্যত।

 
মানববন্ধনের সভাপতি এডভোকেট আওলাদ হোসেন বলেন, আদালতে আমরা দেখলাম হামলাকারি ও তাদের অভিভাবকরা ভাবলেশহীন। আসামীদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হলো। রিমান্ডের আবেদনের শুনানীর আগেই আসামী পক্ষ তাদের আইনজীবিকে বলে যে, আপনারা শুনানী করে যান। রিমান্ড হবেনা। জানিনা এর গভীরতা কতুটুকু।

 

গত ৩ এপ্রিল প্রথম রোজার রাতে আহমেদ অনন্ত শাহ্ ও তার তিন বন্ধু নগরীর মাসদাইর কবরস্থান জিয়ারত করে ফেরার সময় কিশোর গ্যাং এর সদস্যরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। অনন্ত শাহ্ এর পিঠে ছুড়িকাঘাত করে। তার পিঠে আঠারোটি সেলাই দিতে হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন